NIA Arrest Kaliachak Mothabari case Malda: মোথাবাড়ি কাণ্ডে অ্যাকশনে NIA, কালিয়াচকে গ্রেফতার তৃণমূলের দুই দাপুটে নেতা

জানা গিয়েছে, ভোটগণনার ঠিক আগের দিন সুজাপুর বিধানসভার প্রার্থী সাবিনা ইয়াসমিনের ইলেকশন এজেন্ট আব্দুর রহমান, ব্লক সভাপতি সারিউল শেখ, প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ হাজি কেতাবুদ্দিন শেখ এবং ইউসুফ শেখ সহ মোট ন’জন নেতাকে নোটিশ পাঠিয়েছিল এনআইএ।

Advertisement
মোথাবাড়ি কাণ্ডে অ্যাকশনে NIA, কালিয়াচকে গ্রেফতার তৃণমূলের দুই দাপুটে নেতামালদায় সেদিন রাতের চিত্র (ফাইল ছবি)

NIA Arrest Kaliachak, Mothabari case Malda: মোথাবাড়ি কাণ্ডে এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কালিয়াচক-১ ব্লকের তৃণমূল সভাপতি সারিউল শেখ এবং সুজাপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি ইউসুফ শেখকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মালদা জেলার রাজনৈতিক মহলে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, ভোটগণনার ঠিক আগের দিন সুজাপুর বিধানসভার প্রার্থী সাবিনা ইয়াসমিনের ইলেকশন এজেন্ট আব্দুর রহমান, ব্লক সভাপতি সারিউল শেখ, প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ হাজি কেতাবুদ্দিন শেখ এবং ইউসুফ শেখ সহ মোট ন’জন নেতাকে নোটিশ পাঠিয়েছিল এনআইএ। ভোটগণনা নিয়ে ব্যস্ত থাকায় শুরুতে তাঁরা হাজিরা এড়িয়ে গেলেও পরে কেন্দ্রীয় সংস্থার তলবে সাড়া দিতে বাধ্য হন। গত বুধবার জিজ্ঞাসাবাদের সময়ই সারিউল ও ইউসুফের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। শুক্রবার ফের তাঁদের ডেকে পাঠানো হয় এবং ম্যারাথন জেরার শেষে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভের নেপথ্যে কারা?
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মোথাবাড়িতে বিচারকদের গাড়ি আটকে বিক্ষোভ এবং সুজাপুর হাসপাতালের কাছে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় এই দুই নেতার প্রত্যক্ষ যোগসূত্র মিলেছে। ধৃত ইউসুফ শেখ সুজাপুর হাসপাতালের পাশের একটি নার্সিংহোমের মালিক। অভিযোগ, তাঁর নার্সিংহোমের সামনেই সেই দিন সবচেয়ে বড় বিক্ষোভ আন্দোলন দানা বেঁধেছিল। জাতীয় সড়কের পাঁচটি পয়েন্টে অবরোধের নেপথ্যে ঠিক কী পরিকল্পনা ছিল, তা জানতেই এই ধরপাকড়।

আরও গ্রেফতারের সম্ভাবনা
মালদার কালিয়াচকে এনআইএ-র এই অভিযান এখানেই শেষ হচ্ছে না। সূত্রের খবর, মোথাবাড়ি ও সুজাপুর কাণ্ডে জড়িত থাকার সন্দেহে তৃণমূলের পাশাপাশি কয়েকজন কংগ্রেস নেতার নামও কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে রয়েছে। ফলে আগামী কয়েক দিনে কালিয়াচকে আরও কয়েকজন প্রভাবশালীর গ্রেফতার হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement