জখম প্রাক্তন মন্ত্রী অশোককে ফোন মুখ্য়মন্ত্রী শুভেন্দুরSuvendu Adhikary Call Ashok Bhattacharya: শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন শিলিগুড়ির প্রাক্তন পুরমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। দুর্ঘটনার পরই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর প্রবীণ এই বাম নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি বিপদমুক্ত বলেই চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে প্রবীণ নেতার এই অসুস্থতার খবর পেয়েই রবিবার সকালে তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অশোকবাবুর শরীরের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। চলতি মাসের ১৬ বা ১৭ তারিখ মুখ্যমন্ত্রী যখন পাহাড় সফরে যাবেন তখন তিনি সশরীরে হাসপাতালে গিয়ে অশোকবাবুর সঙ্গে দেখা করবেন বলেও আশ্বাস দিয়েছেন। ফোনের ওপার থেকে অশোকবাবুও শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "আমি যখন কার্শিয়াঙে যাব আপনার সঙ্গে দেখা করব। আমাকে আশীর্বাদ করবেন।" অশোকবাবুও মুখ্য়মন্ত্রীকে তাঁর বাবা শিশির অধিকারীকে খবর দিতে বলেন। পাশাপাশি তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছাও জানান।
অন্যদিকে রবিবার সকালেই কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে সোজা হাসপাতালে ছোটেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাক্তন পুরমন্ত্রীর চিকিৎসার যাবতীয় আপডেট নেন এবং তাঁর শয্যাপাশে কিছু সময় কাটান। রাজনৈতিক মতাদর্শের লড়াই মাঠের বাইরে থাকলেও এক প্রবীণ নেতার বিপদে যেভাবে দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরা পাশে এসে দাঁড়িয়েছেন তা শিলিগুড়ির চিরকালীন রাজনৈতিক সৌজন্যের এক অনন্য নজির সৃষ্টি করল।