Bisleri Water: বাংলায় বিসলেরির জলে ব্যাকটেরিয়া! ফের বিপাকে জলের কোম্পানি, মামলার অনুমতি দিল FSSAI

Bisleri FSSAI: বাংলাতেও বিসলেরির জলে মিলল ব্যাকটেরিয়া! জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামের বিসলেরির কারখানা থেকে সংগ্রহ করা নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। ঘটনায় ফের বিপাকে পানীয় জল প্রস্তুতকারী সংস্থা।

Advertisement
বাংলায় বিসলেরির জলে ব্যাকটেরিয়া! ফের বিপাকে জলের কোম্পানি, মামলার অনুমতি দিল FSSAI
হাইলাইটস
  • দিনকয়েক আগেই বিসলেরির জলে মিলেছিল ব্যাকটেরিয়া।
  • ফের নয়া ফ্যাসাদ জল প্রস্তুতকারী কোম্পানির।
  • তেলিপাড়া গ্রামের বিসলেরির উৎপাদন কারখানা থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল।

ফের নতুন করে বিপাকে বিসলেরি। দিনকয়েক আগেই বিসলেরির জলে মিলেছিল ব্যাকটেরিয়া। তা নিয়ে জলঘোলা কম হয়নি। এবার ফের নয়া ফ্যাসাদ জল প্রস্তুতকারী কোম্পানির। এখন একেবারে বাংলায় বিসেলেরির জলে মিলল ব্যাকটেরিয়া। রাজ্যের জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামের বিসলেরির উৎপাদন কারখানা থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল।

রিপোর্টে জানা গিয়েছে, ওই জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে। দুটি পরীক্ষাগারেই পরীক্ষার পর এই ফলাফল নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল ফুড ল্যাবরেটরি, উভয় জায়গাতেই জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। নর্দমার জল চুঁইয়ে পড়া, পাইপের ক্ষতি-সহ একাধিক কারণে এই ধরনের ব্যাকটেরিয়া জল সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে।

নমুনাটি PB 201 ব্যাচের অন্তর্গত ছিল। পরীক্ষায় ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ার পর ২০২৬ সালের ১২ অগস্ট ওই ব্যাচের জল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘটনায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর আওতায় বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে FSSAI।

গোয়ার কারখানার নমুনা নিয়েও আগে পদক্ষেপ

দিনকয়েক আগেই গোয়ায় বিসলেরির উৎপাদন কারখানা থেকে সংগ্রহ করা প্যাকেটজাত পানীয় জলের নমুনা নিয়ে পরীক্ষার পর সংস্থাটির বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছিল FSSAI।

FSSAI জানিয়েছে,সংগ্রহ করা ওই নমুনাটি 'প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার (মিনারেল ওয়াটার ছাড়া)' হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে নেই। ফলে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬ অনুযায়ী জলটিকে নিরাপদ নয় বলে ঘোষণা করা হয়।

সংস্থার তরফে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানো হলে নমুনাটি আরও পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানেও পরীক্ষার পর জলে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে। এরপর অনিরাপদ প্যাকেটজাত পানীয় জল সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয় FSSAI।

Advertisement

তবে বিসলেরির দাবি, তাদের প্যাকেটজাত পানীয় জল পান করার জন্য নিরাপদ। সংস্থার বক্তব্য, এই সমস্যাটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়ার কারখানায় তৈরি একটি নির্দিষ্ট ব্যাচের জলের ক্ষেত্রে দেখা গিয়েছে।

বিসলেরি জানিয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর FSSAI গোয়ার কারখানা থেকে মোট ছয়টি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, পাঁচটি নমুনাই নির্ধারিত সমস্ত মানদণ্ড পূরণ করেছে। তবে ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। যেখানে নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম।

সংস্থার আরও দাবি, এই বিষয়ে FSSAI-এর তরফে তারা কোনও নোটিস পায়নি। পরবর্তীতে একই নমুনা FSSAI অনুমোদিত একটি পরীক্ষাগারে পরীক্ষা করানো হয়। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়।


 

TAGS:
POST A COMMENT
Advertisement