ফাইল ছবিTMC BJP Clash In Chopra: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তর দিনাজপুরের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রবিবার বিকেলে চোপড়া থানার কাঁচাকালী বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। দুই পক্ষ মিলিয়ে অন্তত ১২ জন জখম হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, এদিন বিকেলে কাঁচাকালী বাজার এলাকায় দলীয় পতাকা টাঙাতে গেলে তৃণমূলের একাংশ তাঁদের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে তা লাঠিসোটা নিয়ে সংঘর্ষের রূপ নেয়। বিজেপি নেতা অসীম বর্মন দাবি করেছেন, তাঁদের ৬ জন কর্মী জখম হয়েছেন, যার মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের মাঝিয়ালি অঞ্চল সভাপতি আকবর আলি পাল্টা দাবি করেছেন, বিজেপি কর্মীরা নিয়মবহির্ভূতভাবে তৃণমূল নেতৃত্বের দোকানে জোর করে পতাকা লাগাতে গেলে বিবাদের সূত্রপাত হয়। তাঁর অভিযোগ, গেরুয়া বাহিনীর হামলায় তাঁদেরও ৬ জন কর্মী আহত হয়েছেন এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
চৈত্র শেষের তপ্ত দিনে যখন চারদিকে রাজনৈতিক প্রচারের হুল্লোড়, তখন এই সংঘর্ষের খবর পেয়েই চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও কাঁচাকালী বাজার এলাকায় থমথমে ভাব বজায় রয়েছে। ইসলামপুর থেকে শিলিগুড়ি, প্রতিটি মোড়ে এখন এই সংঘর্ষ নিয়েই চর্চা তুঙ্গে। ২০২৬এর এই বিধানসভা ভোটে উত্তর দিনাজপুরের মাটি দখল নিয়ে ঘাসফুল ও পদ্ম শিবিরের এই লড়াই আগামী দিনে আরও কতটা তিক্ত রূপ নেয়, এখন সেটাই দেখার। আপাতত এলাকায় পুলিশি টহলদারি চলছে।