Chopra School Van Accident: কুয়াশার দাপটে চোপড়ায় দুর্ঘটনা, নয়ানজুলিতে উলটে গেল স্কুল পড়ুয়াবোঝাই ভ্যান

দুর্ঘটনার সময় ভ্যানে থাকা প্রায় সব পড়ুয়াই কমবেশি আহত হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। ভ্যানের ভিতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

Advertisement
কুয়াশার দাপটে চোপড়ায় দুর্ঘটনা, নয়ানজুলিতে উলটে গেল স্কুল পড়ুয়াবোঝাই ভ্যানroad accident

ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকার ঘিরনিগাঁওয়ের মোলানি অঞ্চল। মঙ্গলবার সকালে দাসপাড়া এলাকার একটি বেসরকারি স্কুলের ১০ থেকে ১২ জন পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। সেই সময় মোলানি এলাকায় একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগার পর স্কুল পড়ুয়াবোঝাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশের জলভরা নয়ানজুলিতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ভ্যানে থাকা প্রায় সব পড়ুয়াই কমবেশি আহত হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। ভ্যানের ভিতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

এক অভিভাবক আসিরুল ইসলাম জানান, “ছেলেকে ভ্যানে তুলে দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চালকের ফোন পাই। ঘটনাস্থলে এসে দেখি গাড়ি জলে পড়ে আছে, বাচ্চারা ভেতরে আটকে রয়েছে। স্থানীয়দের সাহায্যে দ্রুত সবাইকে উদ্ধার করা হয়।”

স্থানীয় বাসিন্দা ফারুক আলমের দাবি, টোটোটিকে বাঁচাতে গিয়েই ভ্যানচালক নিয়ন্ত্রণ হারান। এই দুর্ঘটনায় টোটোচালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আহত পড়ুয়াদের মধ্যে কয়েকজনকে তড়িঘড়ি দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাকিদের স্থানীয়ভাবেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, কোনও শিশুর আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে সকালে কুয়াশার মধ্যে যান চলাচল নিয়ে ফের একবার প্রশ্ন উঠল।

 

POST A COMMENT
Advertisement