TMC Leader Corruption: চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত! মাথাভাঙায় TMC পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও

অভিযোগ উঠেছে যে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২০১৬ সালে রাজেন্দ্র সাহুসেনা নামে এক বেকার যুবকের কাছ থেকে সাড়ে আট লক্ষ টাকা নিয়েছিলেন ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য।

Advertisement
চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত! মাথাভাঙায় TMC পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাওচাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত! মাথাভাঙায় TMC পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও

TMC Leader Corruption: টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার ফের নতুন করে উত্তাল হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙ্গা। মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শ্যামল বর্মন ওরফে কমলাকান্ত বর্মনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের একাংশের হাতে এই দিন বিজেপির পতাকাও দেখা যায়।

অভিযোগ উঠেছে যে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২০১৬ সালে রাজেন্দ্র সাহুসেনা নামে এক বেকার যুবকের কাছ থেকে সাড়ে আট লক্ষ টাকা নিয়েছিলেন ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না মেলায় এবং চাপের মুখে পড়ে দুই দফায় সাড়ে চার লক্ষ টাকা ফেরত দিলেও এখনও চার লক্ষ টাকা বকেয়া রয়ে গিয়েছে। এই দিন সেই বাকি টাকা আদায়ের দাবিতেই ভুক্তভোগী যুবক ওই নেতার বাড়ির সামনে সরব হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তালিকা অবশ্য এখানেই শেষ নয়। ভোগরামগুড়ি এলাকার সাধারণ মানুষের দাবি যে পারিবারিক জমি বিবাদ মিটিয়ে দেওয়ার নাম করে কারও কাছ থেকে চার লক্ষ টাকা আবার কারও কাছ থেকে জমি সংক্রান্ত জট কাটানোর অছিলায় চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন কমলাকান্ত বর্মন। এর পাশাপাশি এলাকার রাস্তার কাজের পাথর আত্মসাতের মতো গুরুতর দুর্নীতির অভিযোগও উঠেছে ওই ঘাসফুল শিবিরের নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বর্তমানে চিকিৎসার কারণে ভিনরাজ্যে রয়েছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁর স্ত্রী তাপসী বর্মন অবশ্য এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন এবং প্রশাসনকে গোটা বিষয়টি জানানোর কথা বলেছেন। স্থানীয় মানুষের ক্ষোভের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

POST A COMMENT
Advertisement