কোচবিহারেই হবে দ্বিতীয় IIT, অধ্যক্ষের ঘোষণা সত্যি হলে বদলে যাবে এলাকার শিক্ষা চালচিত্ররাজ্যের দ্বিতীয় আইআইটি কোচবিহারেই গড়ে উঠবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। রবিবার কোচবিহারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে। খুব শিগগিরই জমি চিহ্নিত করার কাজ শুরু হবে।
এর আগে মন্ত্রী নিশীথ প্রামাণিকও মাথাভাঙায় আইআইটি স্থাপনের কথা জানিয়েছিলেন। এরপর অধ্যক্ষের মুখে কোচবিহারে আইআইটি তৈরির ঘোষণা ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরেই এই জেলায় উচ্চশিক্ষার আরও বড় সুযোগ তৈরির দাবি উঠছিল।
রথীন্দ্রনাথ বসু বলেন, কোচবিহার দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। তাই এখানেই আইআইটি প্রতিষ্ঠার দাবি অত্যন্ত স্বাভাবিক। তাঁর কথায়, কোচবিহারে এমন একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে গোটা উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। তিনি জানান, বিধানসভা নির্বাচনের সময় পদ্ম শিবিরও উত্তরবঙ্গে বড় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এলে সেই উদ্যোগ বাস্তবায়নের কথা বলা হয়েছিল। বর্তমানে সেই পরিকল্পনা বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে সরকারিভাবে আলোচনা এগোচ্ছে।
কোচবিহারে আইআইটি হলে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে না, এর মাধ্যমে উত্তরবঙ্গের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে। শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানে বড় পরিবর্তন আসবে। একই সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর শিল্পের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
কোচবিহার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম রাজ্যও খুব কাছে। পাশাপাশি এখানে প্রচুর জায়গা রয়েছে যেখানে কাজ করা যাবে। তাই এখানে আইআইটি গড়ে উঠলে শুধু কোচবিহার নয়, সমগ্র উত্তরপূর্ব ভারতের ছাত্রছাত্রীরাও উপকৃত হবে। তাঁর মতে, আধুনিক গবেষণা, ইনোভেশন সেন্টার এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপের বিকাশে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর ফলে উত্তরবঙ্গে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ আরও বৃদ্ধি পাবে।