Madhyamik Exam Cheating: মাধ্যমিকে মোবাইলে AI দিয়ে উত্তর লিখছিল, কোচবিহারে পরীক্ষা বাতিল দুই ছাত্রীর

Madhyamik Exam Cheating: শিক্ষকদের দাবি, ওই দুই ছাত্রী মোবাইলে শুধু উত্তর দেখছিল না, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে প্রশ্নের উত্তর বের করেই খাতায় লিখছিল। পরীক্ষা শুরুর পর প্রায় দু’ঘণ্টা ধরে এই টুকলি চলেছে বলে অভিযোগ।

Advertisement
মাধ্যমিকে মোবাইলে AI দিয়ে উত্তর লিখছিল, কোচবিহারে পরীক্ষা বাতিল দুই ছাত্রীরমাধ্যমিক পরীক্ষার্থী।-ফাইল ছবি

Madhyamik Exam Cheating: কোচবিহারে মাধ্যমিক পরীক্ষার হলে এ বার টুকলির নতুন কৌশল সামনে এল। মারুগঞ্জ হাইস্কুলের দুই পরীক্ষার্থীর সিট পড়েছিল তল্লীগুড়ি হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে। অভিযোগ, সকলের নজর এড়িয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েছিল ওই দুই ছাত্রী।

পরীক্ষা শুরুর পর থেকেই শিক্ষকদের চোখে পড়ে, বারবার শৌচালয়ে যাচ্ছিল তারা। সন্দেহ বাড়লেও প্রথমে কিছু ধরা পড়েনি। শৌচালয় থেকে ফিরে এসে বসে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে উত্তর লেখার অভিযোগ উঠেছে।

শিক্ষকদের দাবি, ওই দুই ছাত্রী মোবাইলে শুধু উত্তর দেখছিল না, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে প্রশ্নের উত্তর বের করেই খাতায় লিখছিল। পরীক্ষা শুরুর পর প্রায় দু’ঘণ্টা ধরে এই টুকলি চলেছে বলে অভিযোগ।

বেলা ১টা নাগাদ এক শিক্ষিকার সন্দেহ আরও ঘনীভূত হয়। নজরদারি বাড়াতেই ধরা পড়ে যায় আসল ঘটনা। তল্লাশিতে উদ্ধার হয় মোবাইল ফোন। সঙ্গে সঙ্গেই পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরীক্ষা কেন্দ্রের নিয়ম ভঙ্গের অভিযোগে সঙ্গে সঙ্গে ওই দুই ছাত্রীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমন ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহার জেলা কনভেনার জয়ন্ত কুমার পাল জানান, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই বছর আর কোনওভাবেই ওই দুই ছাত্রী পরীক্ষা দিতে পারবে না।

ভবিষ্যতে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে পরীক্ষার হলে মোবাইল ও AI ব্যবহারের ঘটনায় রাজ্য জুড়ে নজরদারি আরও কড়া করার ইঙ্গিত মিলেছে।

 

POST A COMMENT
Advertisement