প্রধানের পুকুরের নীচ থেকে উদ্ধার লুকনো দুটি টোটো, বড় অপরাধের ইঙ্গিত?Mekhliganj Mysterious Toto Recovery: কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে রহস্যজনক ভাবে দু’টি টোটো উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে জলের তলায় ডুবে থাকা টোটো দুটি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান কৌতূহলী বাসিন্দারা।
প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকার জানান, কয়েক দিন ধরেই পুকুরের জলে কিছু একটা ভাসতে দেখা যাচ্ছিল। দূর থেকে সেটিকে প্লাস্টিক বা ত্রিপল বলে মনে হয়েছিল। সোমবার সকালে এক ব্যক্তি সেটি সরাতে পুকুরে নামলে বোঝা যায়, সেটি আসলে একটি টোটোর ছাউনি। পরে ভালো করে খতিয়ে দেখে জলের তলায় সম্পূর্ণ একটি টোটো ডুবে থাকতে দেখা যায়। কিছুক্ষণ তল্লাশির পর তার পাশেই আরও একটি টোটোর হদিশ মেলে।
ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বেশ কিছুদিন আগেই কেউ বা কারা টোটো দু’টি পুকুরে ডুবিয়ে রেখে যায়। টোটোগুলি চুরি করা হয়েছিল কি না, অথবা কোনও অপরাধমূলক কাজের প্রমাণ লোপাট করতেই জলের তলায় লুকিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ক্রেন ও স্থানীয়দের সহায়তায় টোটো দু’টি জল থেকে তোলার চেষ্টা চালাচ্ছে। নম্বর প্লেট ও ইঞ্জিন নম্বর পরীক্ষা করে মালিকের সন্ধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এর পিছনে কোনও বড় চোরচক্র জড়িত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।