পাট্টার নামে তোলাবাজি, অভিযোগ, ফালাকাটায় TMC নেতা, দিনহাটায় পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাওFalakata Dinhata TMC Leader Gherao: সরকারি পাট্টা পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের নিরীহ মানুষদের থেকে মোটা অঙ্কের টাকা তোলার এক মারাত্মক অভিযোগ উঠল তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। ফালাকাটার বংশীধরপুর এলাকার দুই শতাধিক বাসিন্দা এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ।
গ্রামবাসীদের দাবি প্রায় দু বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় তাদের পাট্টা পাওয়ার কথা ঘোষণা হয়েছিল কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূলের গ্রামীণ ব্লক সাধারণ সম্পাদক দীপক রায় তাদের প্রত্যেকের থেকে ১৫ হাজার টাকা করে আদায় করেন। সব মিলিয়ে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
গ্রামবাসীদের একাংশের বক্তব্য শুধু টাকা নিয়ে পাট্টা দেওয়াই নয় অনেকের থেকে মোটা টাকা নিলেও শেষ পর্যন্ত তাদের হাতে কোনও পাট্টাই তুলে দেওয়া হয়নি। আজ শনিবার এই চরম অন্যায়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত নেতার বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ আধিকারিকরা ভুক্তভোগীদের থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন।
কেন তারা ওই নেতাকে টাকা দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে গ্রামবাসীরা স্পষ্ট জানান যে তখন টাকা না দিলে পাট্টা কোনওদিনও পাওয়া যেত না তাই তারা বাধ্য হয়েই কষ্টের টাকা তুলে দিয়েছিলেন। তাদের আরও অভিযোগ যে এই বিশাল টাকা তোলার পেছনে একা দীপক রায় নন বরং আরও অনেকেই যুক্ত রয়েছেন এবং অবিলম্বে সেই টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা। শুধু সরকারি পাট্টার টাকাই নয় ওই তৃণমূল নেতা একসময় রোজভ্যালি কোম্পানির এজেন্ট হিসেবেও এলাকার অনেকের থেকে টাকা তুলেছিলেন বলে নতুন করে অভিযোগ উঠেছে।
সেই পুরনো টাকা ফেরতের দাবিতেও এদিন দীপক রায়ের বাড়ির সামনে ভিড় জমান বেশ কয়েকজন পাওনাদার। বর্তমানে এই বিপুল টাকা আত্মসাতের জেরে অভিযুক্ত নেতা দীপক রায় এলাকা ছেড়ে পলাতক। তবে তার পরিবারের দাবি পাট্টার নাম করে টাকা তোলার এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দীপকের স্ত্রী রত্না রায়ের কথায় তার স্বামী কারও থেকে কোনও টাকা নেননি এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এসব চক্রান্ত ও মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে ফালাকাটা থানা সূত্রে জানানো হয়েছে যে অভিযোগকারীরা আজ বিকেলেই থানায় এসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা-১ ব্লকের পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকা। শুক্রবার স্থানীয় উপভোক্তা ও গ্রামবাসীদের একাংশ পঞ্চায়েত সদস্যা লাভলি রেহানা হোসেন এবং তাঁর স্বামী জাকির হোসেনের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।