Royal Bengal Tiger At Neora Valley: নেওড়াতে প্রথমবার বর্ষায় বাঘের হদিশ, এক না একাধিক ধন্দে বন দফতর

এই প্রথম বর্ষায় নেওড়ায় বাঘের ছবি ধরা পড়ল। ফলে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এবার অনেকটাই নীচে নেমে আসতে দেখা গিয়েছে দক্ষিণ রায়কে। স্বাভাবিকভাবে এই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বনকর্তারা। 

Advertisement
নেওড়াতে প্রথমবার বর্ষায় বাঘের হদিশ, এক না একাধিক ধন্দে বন দফতরনেওড়াতে প্রথমবার বর্ষায় বাঘের হদিশ, এক না একাধিক ধন্দে বন দফতর

Royal Bengal Tiger At Neora Valley: ঘোর বর্ষায় নেওড়ার জঙ্গলে দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। সমতল থেকে এগারো হাজার ফুট উচুতে পাহাড়ি জঙ্গল পথে রাজকীয় মেজাজে ঘুরে বেড়াচ্ছেন দক্ষিণরায়। এর আগে কয়েকবার রয়্যাল বেঙ্গলের দেখা মিললেও তা সব কটাই ছিল শীতকালে। ফলে মনে করা হচ্ছিল, পাহাড়ের উপরে শীতের প্রকোপ বাড়াতে তারা নেমে আসছে। কিন্তু এবারে ঘোর বর্ষায় দেখা মেলায়, আশা করা হচ্ছে বাঘের সংখ্যা হয়তো বাড়ছে। 

নেওড়ার জঙ্গল প্রায় ১১ হাজার ফুট উঁচু। নেওড়ার সঙ্গে সিকিমের জঙ্গলের সংযোগ রয়েছে। সেখান থেকেও দক্ষিণ রায় চলে আসতে পারে বলে মনে করছেন বনকর্তাদের একাংশ। কারণ এর আগে সিকিমের পাংগোলাখার জঙ্গলে ১২ হাজার ফুট উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে। বন দফতর সূত্রে খবর, এর আগে গত ডিসেম্বরে নেওড়ার জঙ্গলে প্রায় সাড়ে ১০ হাজার ফুট উচ্চতায় দেখা মিলেছিল বাঘের। তার আগেও বেশ কয়েকবার নেওড়ায় রয়্যাল বেঙ্গলের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন বনকর্তারা। কিন্তু, যতবার নেওড়ায় বাঘের ছবি ধরা পড়েছে, সবই শীতকালে। 

এই প্রথম বর্ষায় নেওড়ায় বাঘের ছবি ধরা পড়ল। ফলে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এবার অনেকটাই নীচে নেমে আসতে দেখা গিয়েছে দক্ষিণ রায়কে। স্বাভাবিকভাবে এই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বনকর্তারা। 

গত মে মাসে সিকিমের প্যাঙ্গোলাখা অভয়ারণ্যে বনবিভাগের ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গলের ছবি। নেওড়ার জঙ্গলের সঙ্গে সংযোগ রয়েছে সিকিম ও ভুটানের জঙ্গলের। এই বাঘ সেই বাঘ কিনা খতিয়ে দেখতে সিকিম বনবিভাগের সঙ্গেও আলোচনা চলছে। বয়স,গায়ের ছাপ পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। দুর্গম নেওড়ার জঙ্গলের নিরাপত্তাও আরও বাড়ানো হয়েছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

১৯৯৮ সালে প্রথম বাঘের অস্তিত্বের প্রমাণ মেলে নেওড়ায়। কিন্তু দীর্ঘ বছর সশরীরে তার দেখা মেলেনি। উনিশ বছর পর ২০১৭ সালের ১৯ জানুয়ারি ভোরে লাভা থেকে সামান্য দূরে পেডং যাওয়ার রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি বন্দি করে বনমহলে চাঞ্চল্য ফেলে দেন অনমোল ছেত্রী নামে স্থানীয় এক যুবক।

Advertisement

তারপরই এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসায় বন দফতর। তাতে ওই বছর ২৩ জানুয়ারি প্রথম সরকারি খাতায় নজরবন্দি হয় বাঘ। এরপর পরপর দেখা মেলে বাঘের। এই বছর বর্ষার মরশুমে দেখা মিলেছে বেশ কয়েকটি বাঘের অস্তিস্ত্ব। একটি ছবির সঙ্গে আর একটি ছবির মিল নেই। স্বাভাবিকভাবেই একাধিক বাঘের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দফতর। সম্প্রতি বক্সা, মহানন্দা ও সিকিমেও বাঘ দেখা গিয়েছে। সেই কারণে সিকিম বনবিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারাও তাদের ওখানে ক্যামেরাবন্দি বাঘের সঙ্গে এই বাঘের ছবির মিল রয়েছে কিনা পরীক্ষা করে দেখছেন। নেওড়ার জঙ্গলের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে বলে বনাধিকারিক জানিয়েছেন।

 

POST A COMMENT
Advertisement