Jalpaiguri Accident Death: জলপাইগুড়িতে কন্টেনারের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, জখম মেয়ে

Jalpaiguri Accident Death: দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোশালা মোড় এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement
জলপাইগুড়িতে কন্টেনারের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, জখম মেয়ে

Jalpaiguri Accident Death: জলপাইগুড়িতে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। মঙ্গলবার রাতে গোশালা মোড় সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর কন্যা। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাইকে করে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান। অভিযোগ, পিছন দিক থেকে একটি কন্টেইনার এসে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর বাইকটিকে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায় কন্টেইনারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মেয়েকে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোশালা মোড় এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় নিহত নেতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। সাম্প্রতিক সময়ে তাঁর বিধানসভা এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ নেওয়ার পাশাপাশি যজ্ঞের আয়োজনের কথাও ঘোষণা করেন বিধায়ক।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশের গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement