জয়ী সেতুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক হোমগার্ড ও এক যুবক। শনিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের নাম হামিদুল হক এবং রবি সরকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ির বাসিন্দা রবি সরকার চ্যাংরাবান্ধায় তাঁর শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে তিনি বাইকে করে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে চ্যাংরাবান্ধা পানিশালা এলাকার বাসিন্দা হামিদুল হকের সঙ্গে তাঁর দেখা হয়। হামিদুল পেশায় একজন হোমগার্ড এবং তিনি হলদিবাড়ি থানায় ডিউটিতে যোগ দিতে বের হয়েছিলেন। সেই সময় রবির বাইকেই লিফট নিয়ে তিনি রওনা দেন।
শনিবার সকালে জয়ী সেতুর মাঝামাঝি এলাকায় পথচারীরা রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাঁদের পাশেই দুমড়ে-মুচড়ে পড়ে ছিল বাইকটি। বিষয়টি দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে দ্রুত মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় ডাম্পার পেছন থেকে বাইকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


