মদ খেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পৌঁছল ছাত্রDrunken Student Madhyamik: নিয়মশৃঙ্খলাকে কার্যত উপেক্ষা করে মদ্যপ অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিতে এসে চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। মঙ্গলবার মাধ্যমিকের বাংলা পরীক্ষার দিন শহরের একটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরীক্ষার মাঝেই এক শিক্ষিকার নাকে তীব্র মদের গন্ধ আসায় সন্দেহ হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হয়। পরে আলাদা করে জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী স্বীকার করে যে, পরীক্ষা দিতে আসার আগে সে মদ্যপান করেছিল।
পরীক্ষার গুরুত্ব ও শৃঙ্খলা বজায় রাখার কথা মাথায় রেখে পরীক্ষার্থীকে ঘরের শেষের দিকে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়। তবে এমন গুরুতর আচরণ সত্ত্বেও কেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ওই পরীক্ষার্থী মালদা শহরেরই বাসিন্দা। একটি নামী স্কুলের ছাত্র হলেও সে অন্য একটি স্কুলের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে এসেছিল। ঘটনার পর তাকে সতর্ক করা হয় এবং বিষয়টি তার নিজ স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ওই স্কুলের কয়েকজন শিক্ষক পরীক্ষাকেন্দ্রে এসে ছাত্রটিকে মৃদু ভর্ৎসনা করে বিষয়টি মিটিয়ে নেন।
এই ঘটনায় শিক্ষা মহল ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সমাজকর্মী হাসিনা পারভিন বানু বলেন, “মাধ্যমিক পরীক্ষা কোনও তামাশা নয়। পরিবার, স্কুল ও প্রশাসনের সমন্বিত দায়িত্ববোধের অভাবেই এমন ঘটনা ঘটছে।” প্রবীণ শিক্ষক অভিজিৎ আচার্যের মতে, “এটি শুধু শৃঙ্খলাভঙ্গ নয়, পরীক্ষার্থীর ভবিষ্যতের পক্ষেও ক্ষতিকর।”