মোথাবাড়ি নিয়ে NIA অ্যাকশনেমালদার কালিয়াচকের মোথাবাড়ি হিংসা মামলায় বড় পদক্ষেপ নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। তাদের পক্ষ থেকে ১২ FIR দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
যতদূর খবর, ৬ এপ্রিল ২০২৬-এ সুপ্রিম কোর্টের নির্দেশ (Suo Moto WP Civil No. 3/2026) অনুযায়ী NIA এই কেসে বড় পদক্ষেপ গ্রহণ করল। ১২টি FIR পুনরায় নথিভুক্ত করে তদন্ত শুরু করল তারা।
সম্প্রতি মালদার মোথাবাড়িতে SIR-এ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে ৭ জন বিচারবিভাগীয় অফিসারকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। তারপর পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে তাঁদের বের করে আনে। এই ঘটনার প্রেক্ষিতেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। তদন্তভার যায় NIA-এর উপর। তারপরই কাজে লেগে পড়ে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সেই মতো ৮ এপ্রিল NIA মালদা জেলার মোথাবাড়ি থানায় ৭টি FIR এবং কালিয়াচক থানার ৫টি FIR নতুন করে রি-রেজিস্টার করেছে। যতদূর খবর, এই সমস্ত FIR SIR সংক্রান্ত কাজ করা বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার সঙ্গে যুক্ত।
প্রসঙ্গত, এই ঘটনার পরই মালদায় পৌঁছে গিয়েছিল NIA-এর বিশেষজ্ঞ কমিটি। তারা সেখানে গিয়ে ঘটনার সবদিক খুঁজে দেখছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই নতুন করে দায়ের করা হল FIR। মনে করা হচ্ছে, এবার এই ঘটনার নেপথ্য ষড়যন্ত্র এবং সংগঠিত হিংসার দিকটাও তদন্তের আওতাও আনা হতে পারে।
গোয়েন্দা সূত্রে খবর, বিচারবিভাগীয় অফিসারদের দীর্ঘক্ষণ আটকে রাখা ও তাঁদের বের করে নিয়ে যাওয়ার সময় গাড়ি ভাঙচুরের মতো ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। এমনকী এর পিছনে পূর্ব পরিকল্পনা থাকার ইঙ্গিতও রয়েছে। তাই এই মামলার গভীরে গিয়ে তদন্ত করতে চাইছে NIA। সেই মতো কাজ শুরু করে দিয়েছে তারা। এবার তাদের পক্ষ থেকে দায়ের করা হল FIR-ও।
মোথাবাড়ি নিয়ে শাসক এবং বিরোধী, দুইপক্ষই একে অপরকে আক্রমণ করছে। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপির উস্কানি। বিজেপি এবং তার মদতপুষ্ট কয়েকটি সংখ্যালঘু সংগঠন মিলিতভাবে এই অশান্তি করেছে। ও দিকে আবার বিজেপির দাবি সম্পূর্ণ উল্টো। তাদের কথায়, তৃণমূলের মদতে রাজ্যে দেশবিরোধী শক্তির বাড়বাড়ি শুরু হয়েছে। তারাই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে।
আর এই ঘটনার রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তদন্ত শুরু করেছে NIA। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।