মমতা বন্দ্যোপাধ্যায়Dabgram Phulbari Municipality Proposal 2026: শিলিগুড়ির উপকণ্ঠে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাকে কি এবার পৃথক পুরসভার মর্যাদা দিতে চলেছে রাজ্য সরকার? বুধবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন জাবরাভিটা জুনিয়র হাইস্কুল মাঠের নির্বাচনী জনসভা থেকে তেমনই ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধির গেরোয় সরাসরি প্রতিশ্রুতি দিতে না পারলেও, মুখ্যমন্ত্রী সাফ জানালেন, ডাবগ্রাম-ফুলবাড়ি নিয়ে তাঁর ‘আলাদা চিন্তা’ রয়েছে। তৃণমূল প্রার্থী রঞ্জন শীলশর্মার সমর্থনে আয়োজিত এই সভা থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও যুবশ্রীর মতো প্রকল্পের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার পথও প্রশস্ত করে দিলেন। রাজনৈতিক মহলের মতে, গ্রামীণ এলাকা হলেও নগরায়নের নিরিখে ডাবগ্রাম-ফুলবাড়ি এখন কার্যত শহরেরই অংশ, তাই এই পৃথক পুরসভার দাবি দীর্ঘদিনের।
সভা থেকে মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকেও একহাত নেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বাইরে থেকে অফিসার নিয়ে আসার অভিযোগ তুলে তিনি গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটার লিস্ট থেকে কারও নাম বাদ গেলে লড়াই করবেন, আমরা বিনে পয়সায় উকিল ঠিক করে দেব।” তাঁর হুঙ্কার, এবারের লক্ষ্য কেবল নবান্ন নয়, বাংলা জয়ের পর লক্ষ্য হবে ‘দিল্লি দখল’। মুখ্যমন্ত্রী সরাসরি পুরসভার নাম না নিলেও রঞ্জন শীলশর্মা পরে দাবি করেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে পৃথক পুরসভা গঠিত হবে। তাঁর মতে, ৫০ শতাংশের কম জমিতে চাষাবাদ এবং ক্রমবর্ধমান জনঘনত্বের নিরিখে এই এলাকা পুরসভা হওয়ার সবরকম যোগ্যতাই রাখে।
পালটা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের দাবি, গত ১৫ বছরে এই এলাকার কথা মনে পড়েনি, এখন ভোটের মুখে এসব ভাঁওতা দেওয়া হচ্ছে। তাঁর মতে, পুরসভা গঠন মুখের কথা নয়, এর জন্য অনেক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। চৈত্র মাসের কাঠফাটা রোদে উত্তরবঙ্গের এই বিধানসভা কেন্দ্রটিকে কেন্দ্র করে এখন পারদ চড়ছে। একদিকে পৃথক পুরসভার হাতছানি, অন্যদিকে বিজেপির কড়া সমালোচনা। সব মিলিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির লড়াই এখন রীতিমতো হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত রঞ্জন শীলশর্মার দাবি আর মমতার ইঙ্গিত ডাবগ্রাম-ফুলবাড়ির ভোটারদের মনে কতটা রেখাপাত করে, এখন সেদিকেই তাকিয়ে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ।