শিলিগুড়ির জঙ্গলে নিখোঁজ ছাত্রের দেহ, খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম?Siliguri Minor Murder: শিলিগুড়ির মাটিগাড়ায় ১৫ বছরের কিশোর শুভজিৎ মোদক খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। এই মামলার প্রধান অভিযুক্ত রাজ পাসোয়ানকে মঙ্গলবার কাওয়াখালি এলাকা থেকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, সে শিলিগুড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছিল। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, গত শনিবার টোটোচালক রাজ পাসোয়ান ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় কিশোর। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হলেও দীর্ঘ সময় কোনও সন্ধান না মেলায় ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। থানার সামনে বিক্ষোভও দেখানো হয়।
তদন্তে নেমে সোমবার গভীর রাতে শুকনা ফরেস্ট এলাকা থেকে শুভজিতের দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা পুরনো কোনও বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাওয়াখালিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করা হয়। আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে, যাতে খুনের সঠিক কারণ এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা যায়।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এখনও মাটিগাড়া ও আশপাশের এলাকায় শোকের আবহ এবং চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি, দোষীর কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।