উত্তরবঙ্গ মেডিক্যালে ক্যাথল্যাবউত্তরবঙ্গের মতো একটি বিরাট এলাকার প্রধান সরকারি মেডিক্যাল কলেজে নাকি এতদিন ক্যাথ ল্যাবই ছিল না! যার ফলে হার্টের জটিল চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল বা কলকাতায় ছুটতে হতো। তবে এবার এই সমস্যার সহজ সমাধান হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পেল ক্যাথ ল্যাব। যার ফলে হার্টের রোগীর খুব সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের আটটি জেলা নিয়ে গঠিত উত্তরবঙ্গ। আর এখানকার প্রধান হাসপাতাল হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। এখানে উত্তরবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের বহু রোগীও আসেন চিকিৎসার জন্য। কিন্তু এই হাসপাতালেই এতদিন পাওয়া যেতে না ক্যাথ ল্যাবের পরিষেবা। যার ফলে হার্টের জরুরি কিছু চিকিৎসা করতেও মানুষকে হিমশিম খেতে হতো। হয় কলকাতার সরকারি হাসপাতালে আসতে হতো, নয়তো বেসরকারি হাসপাতালেই করতে হতো চিকিৎসা।
তাই দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের মানুষ এই মেডিক্যালে ক্যাথ ল্যাব বসানোর দাবি করে এসেছেন। আর অবশেষে সেই দাবি মেনে নিল সরকার। এবার উত্তরবঙ্গ মেডিক্যালেই বসে গেল ক্যাথ ল্যাব।
কী কী লাভ হবে?
হার্টের চিকিৎসার জন্য ক্যাথ ল্যাব খুবই জরুরি। এর মাধ্যমে উন্নত এক্স-রে ও ইমেজিং মেশিন ব্যবহার করে খুব সহজেই হার্ট ও রক্তনালীর বিভিন্ন রোগ পরীক্ষা এবং ওপেন হার্ট সার্জারি ছাড়াই রক্তনালীর নানা চিকিৎসা করা হয়। এর সাহায্যে অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও করা যায়। যার ফলে হার্ট অ্যাটাকের মতো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা মেলে। বেঁচে যায় প্রাণ। এছাড়া পেসমেকার বসানো ও ভালভ মেরামতের কাজও হয় ক্যাথ ল্যাবে। তাই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই পরিষেবা চাইছিল। আর এতদিনে তাঁরা সেটা পেলেন।
আরও দাবি রয়েছে...
যদিও শুধু ক্যাথ ল্যাব নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল নিয়ে আরও বেশ কিছু দাবি রয়েছে সাধারণ মানুষের। তাঁরা চান এই হাসপাতালের ট্রমা কেয়ার যাতে আরও উন্নত হয়। সেই সঙ্গে নিউরোর চিকিৎসা ও ক্যান্সার সেন্টার চালুর বিষয়েও দাবি রয়েছে।
সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এনএমও। এই সংগঠনের উত্তরবঙ্গ শাখার সম্পাদক সন্দীপ সরকার বলেন, 'এটা খুবই ভাল উদ্যোগ। আরও আগে ক্যাথল্যাব চালু হওয়ার প্রয়োজন ছিল। এর ফলে উত্তরবঙ্গের প্রান্তিক মানুষের সুবিধা হবে।'
পাশাপাশি তিনি উত্তরবঙ্গের মেডিক্যালের পরিষেবায় আরও উন্নতি দরকার বলে জানালেন। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব নিউরোর চিকিৎসা ও ক্যান্সার সেন্টার চালুর কথা বলেন তিনি।