ঝড়-বৃষ্টির পূর্বাভাসNorth Bengal Weather Update 2026: মার্চ মাসের শেষলগ্নে এসে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার জারি করা বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের জেরে আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির (০৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে।
পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা ।হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার রাত থেকেই দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন এলাকায় বৃষ্টির তোড় বাড়বে । মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে । বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, ফের শুক্রবার ও শনিবার থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে ।
দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও, সপ্তাহের শেষের দিকে অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।বৃষ্টির সময় খোলা মাঠ বা গাছের তলায় আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
ঝোড়ো হাওয়ার কারণে কাঁচা বাড়ি ও চাষের ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । এছাড়াও দৃশ্যমানতা কমে গিয়ে যান চলাচলের সমস্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে । চৈত্র মাসের এই খামখেয়ালি আবহাওয়া পর্যটন মরশুমে পাহাড়ে বেড়াতে যাওয়া মানুষদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।