কালিয়াগঞ্জ হাসপাতালউত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। হাসপাতালে ভর্তি থাকার পরেও সময়মতো অক্সিজেন না পাওয়ায় এক আদিবাসী ব্যক্তির মৃত্যুর অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল হাসপাতালে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শুনিরাম হেমব্রম (৪৫)। তিনি কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ার বাসিন্দা। শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল (Kaliaganj State General Hospital)-এ।
পরিবারের দাবি, শুক্রবার বিকেল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু সন্ধ্যার পর হঠাৎই তাঁর শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। সেই সময় কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের একাধিকবার অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন মৃতের আত্মীয় তাপস হেমব্রম।
পরিজনদের অভিযোগ, সময়মতো অক্সিজেন না পাওয়ায় কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হয় শুনিরাম হেমব্রমের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবার ও স্থানীয়রা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান উত্তর দিনাজপুর জেলা পরিষদেের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য। তিনি হাসপাতাল সুপার জয়দেব রায়ের সঙ্গে কথা বলেন। নিতাই বৈশ্য জানান, হাসপাতালে প্রয়োজনীয় অনেক সরঞ্জাম থাকলেও পরিষেবার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।