ইসলামপুরে সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডে ইঁদুরের দৌরাত্ম্যরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা আবারও সামনে এল। এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুরের সাব-ডিভিশনাল হাসপাতাল। এই হাসপাতালের মহিলা ওয়ার্ডে দেখা যাচ্ছে ইঁদুরের উপদ্রব। কার্যত ওয়ার্ডে ইঁদুরেরাই যেন সর্বেসর্বা। পিকদানি থেকে শুরু করে বিছানা-খাটের নীচে সর্বত্রই ছড়িয়ে রয়েছেন গণেশ বাহনেরা।
ঘটনায় রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বলা হচ্ছে, রোগীরা অসুস্থ হয়ে সুস্থ হওয়ার আশায় হাসপাতালে ভর্তি হন, কিন্তু মহিলা ওয়ার্ডে যদি বড় বড় ইঁদুর অবাধে ঘুরে বেড়ায়, তাহলে রোগীর সুরক্ষা ও পরিচ্ছন্নতার কী হবে?
দাবি করা হচ্ছে, রোগীদের খাটের নিচে বড় বড় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। কখনও কখনও বিছানার উপরেও লাফালাফি করছে, এমনকি থুতু ও কফ জমা করার পাত্রেও ইঁদুর পৌঁছে গিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে রোগী ও পরিজনদের মধ্যে হাসপাতালের পরিবেশ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক ও গা ঘিনঘিনে অবস্থা। রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, মানুষ এখানে চিকিৎসার জন্য আসে, সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায়, কিন্তু যখন মহিলা ওয়ার্ডই এত নোংরা ও অস্বাস্থ্যকর, তখন তাঁরা কীভাবে নিরাপদ থাকবেন?
রোগীদের পরিবারের দাবি,এই ইঁদুরের উপদ্রব নতুন নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসছে। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও, এ বিষয়ে কোনও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠছে, ইসলামপুর মহকুমা হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাতে এমন অবহেলিত পরিস্থিতি কেন এবং রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল করত কবে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে?