মালদায় ট্রাকের ধাক্কায় দুমড়ে গেল বাস, জখম অন্তত ২০NH 31 Accident Malda: মালদার রতুয়া-২ ব্লকের মাগুরা এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনায় রক্তাক্ত হল ৩১ নম্বর জাতীয় সড়ক। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ সামসি-মুখী একটি যাত্রীবাহী বাসের পেছনে সিমেন্ট বোঝাই দ্রুতগতির লরি সজোরে ধাক্কা মারলে অন্তত ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাগুরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল বাসটি। ঠিক সেই সময় গাজোলের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে আঘাত করে। ধাক্কার তীব্রতায় বাসটি রাস্তার ধারের নয়ানজুলিতে হেলে পড়ে। বাসের পিছনের অংশে থাকা যাত্রীরাই সবচেয়ে বেশি জখম হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত হয়েছেন লরির চালকও।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের গাজোল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তর করা হয়েছে মেডিক্যাল কলেজ (Malda Medical College)-এ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি আটক করা হয়েছে। কুয়াশা, অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক ত্রুটিকী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। জাতীয় সড়কে আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।