শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকা তছরুপ, ধৃত সেই ক্লার্ক রঞ্জনPrimary School Council Scam: শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপের মামলায় এবার বড়সড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই আর্থিক কেলেঙ্কারির মূল চক্রী তথা অফিসের পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। রবিবার রাতে শিলিগুড়ি থানা এলাকা থেকেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সোমবার সকালে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
তদন্তের গভীরে ঢুকে পুলিশ প্রথমে আলপনা সাহা এবং পরে প্রতিমা সরকার নামে দুই নারীকে গ্রেফতার করেছিল। পুলিশি জেরা ও তদন্তে উঠে আসে যে ধৃত দুজনেই রঞ্জনের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। এই দুই বান্ধবীকে দফায় দফায় জেরা করেই পুলিশ তছরুপ হওয়া বিপুল অঙ্কের টাকার মধ্যে প্রায় ৭১ লক্ষ টাকার হদিশ পেয়ে যায়। সেই সূত্র ধরেই পুলিশ রঞ্জনের গোপন আস্তানার খোঁজ পায় এবং তাকে পাকড়াও করতে সক্ষম হয়।
এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত মাসের ৬ তারিখ। শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান দিলীপ রায় শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগে জানানো হয় যে চেক জালিয়াতি করে কাউন্সিলের মোট ১ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হতেই মূল অভিযুক্ত হিসেবে পেনশন ক্লার্ক রঞ্জন দত্তের নাম সামনে আসে এবং অভিযোগ দায়েরের পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। রঞ্জনের গ্রেফতারির পর এখন সবার নজর আটকে রয়েছে বাকি ৪৬ লক্ষ টাকার ওপর। তছরুপ হওয়া এই বাকি টাকার হদিশ মিলবে কি না তা জানতেই রঞ্জনকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে জানা গেছে।