শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের জন্য একাধিক রাস্তার ঘোষণাশিলিগুড়ি থেকে দার্জিলিং, সিকিম যেতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা। উত্তরবঙ্গের জন্য একাধিক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। আজ অর্থাত্ বৃহস্পতিবার কোলাঘাটে ঘোষণা করলেন, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ৫৭০ কিমি ৬ লেনের রাস্তা তৈরি হবে। যার ফলে ১৪ ঘণ্টা সময় থেকে কমে ৬ ঘণ্টা হয়ে যাবে।
শিলিগুড়ি থেকে গুয়াহাটি, দার্জিলিং থেকে সিকিম, উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারত এবং পাহাড়ি এলাকার যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ করতে একাধিক হাইস্পিড করিডর ও গ্রিনফিল্ড রাস্তা তৈরির পরিকল্পনার কথা জানালেন তিনি। গড়করির দাবি, প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিলিগুড়ি থেকে গুয়াহাটি যেতে ১০ ঘণ্টার পরিবর্তে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছনো যাবে এক ঘণ্টায়।
গড়করি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ২ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প পাইপলাইনে রয়েছে। এর পাশাপাশি রাজ্যের জন্য আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় সড়কগুলিকে আমেরিকার রাস্তার সমতুল করে তোলাই লক্ষ্য। সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উত্তরবঙ্গের সড়ক পরিকাঠামোর উন্নয়ন।
শিলিগুড়ি-গুয়াহাটি যাত্রা ১০ ঘণ্টা থেকে কমে ৪ ঘণ্টা
উত্তরবঙ্গের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চার লেনের হাইস্পিড করিডর। গড়করি জানিয়েছেন, চলতি বছরেই এই রাস্তার কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে শিলিগুড়ি থেকে গুয়াহাটি যেতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে। নতুন করিডর তৈরি হলে সেই যাত্রার সময় কমে চার ঘণ্টা হবে বলে দাবি তাঁর। এই রাস্তা তৈরি হলে শুধু শিলিগুড়ি বা দার্জিলিং নয়, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসতে পারে। ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং পণ্য পরিবহণের ক্ষেত্রেও এই করিডর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
শিলিগুড়ি থেকে দার্জিলিং এক ঘণ্টায়
পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগ উন্নত করতেও নতুন প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত দু'লেনে গ্রিনফিল্ড রাস্তা তৈরির প্রস্তুতি চলছে। বর্তমানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে তিন ঘণ্টারও বেশি সময় লাগে। প্রস্তাবিত রাস্তা তৈরি হলে সেই সময় কমে এক ঘণ্টা হবে বলে জানিয়েছেন গড়করি। পাশাপাশি শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত ৫২ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তা তৈরির প্রস্তাবও রয়েছে। এই রাস্তা তৈরি হলে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছনোর সময় তিন ঘণ্টা থেকে কমে এক ঘণ্টা হবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
গোরক্ষপুর-শিলিগুড়ি ৫৭০ কিমি গ্রিনফিল্ড হাইওয়ে
উত্তরবঙ্গের সঙ্গে উত্তর ভারতের যোগাযোগ আরও উন্নত করতে ৫৭০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের গোরক্ষপুর-শিলিগুড়ি গ্রিনফিল্ড হাইওয়ের পরিকল্পনা রয়েছে। প্রায় ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গড়করি। তাঁর দাবি, বর্তমানে গোরক্ষপুর থেকে শিলিগুড়ি যেতে প্রায় ১৪ ঘণ্টা সময় লাগে। নতুন হাইওয়ে তৈরি হলে তা কমে ছয় ঘণ্টা হবে। এই করিডরকে বাগডোগরা বিমানবন্দরের সঙ্গেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।