Malda Explosion: আম ভেবে বোমা ব্যাগে ভরতে গিয়ে বিস্ফোরণ, মালদায় রক্তাক্ত ৩ শিশু

আম ভেবে বোমা ধরতেই বিপত্তি। বোমা ফেটে রক্তাক্ত হল ৩ শিশু। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা মালদার ইংলিশ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়। 

Advertisement
আম ভেবে বোমা ব্যাগে ভরতে গিয়ে বিস্ফোরণ, মালদায় রক্তাক্ত ৩ শিশুমালদায় বিস্ফোরণ
হাইলাইটস
  • আম ভেবে বোমা ধরতেই বিপত্তি
  • বোমা ফেটে রক্তাক্ত হল ৩ শিশু
  • ঘটনা মালদার ইংলিশ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়

ফের বোমার আঘাতে রক্তাক্ত শৈশব। বাগানে আম কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণ। সেই বিস্ফোরণে আহত তিন শিশু। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা এলাকায়। 

বর্তমানে এই তিন শিশুর মধ্যে একজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে বলে জানা যাচ্ছে। 

এলাকাবাসীরা জানিয়েছেন, আজ সকালে গ্রাম থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বাগানে ৩ শিশু আম কুড়াতে যায়। অভিযোগ, ঠিক সেই সময় আম ভেবে একটি বোমাকে ভুল করে ব্যাগে ভরতে যায় তারা। তাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয় তিন শিশু। যাদের মধ্যে সপ্তম শ্রেণীর এক পড়ুয়া আশঙ্কাজনক। তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা মঙ্গল রায় একজন টোটো চালক। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সকলেই এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি চাইছেন। 

কী অভিযোগ? 
এলাকাবাসীদের অভিযোগ, এই আম বাগানে প্রতিদিন জুয়া সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ হয়। তাই কে বা কারা এই বোমা মজুদ রেখেছিল, তার তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীরা। 

এই ঘটনার প্রসঙ্গে এলাকার এক বাসিন্দা বলেন, 'আমার বাড়ি সামনেই। সকালে ব্রাশ করছিলাম। একটা আওয়াজ পেলাম। তখন দেখি প্রচুর ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পরে দেখি তিনটে বাচ্ছা এখান থেকে দৌঁড়ে দৌঁড়ে যাচ্ছে। দেখলাম একজনের হাত অনেকটা নেই।' তিনি আরও জানান, তিনজন শিশুর মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। 

একই অভিযোগ করলেন আরও এক এলাকাবাসী। তিনি বলেন, 'বাচ্চারা এখানে আম কুড়োতে এসেছিল। একটা বলের মতো কিছু দেখেছিল। ওরা সেটা হাতে ধরে। ধরতেই বোমটা ফেটে যায়। বাচ্চাদের খুবই ক্ষতি হয়।' পাশাপাশি এই ঘটনা সামনে আসার পর যে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন, সেটাও জানালেন তিনি।  

এ দিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল এবং দেশলাই উদ্ধার করা গিয়েছে বলেও জানা গিয়েছে। এখন দেখার দোষীদের কত দ্রুত ধরে পুলিশ। তাদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement