অনশনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহWest Bengal Assembly Election 2026 Dinhata Hunger Strike Udayan: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের সীমান্ত মহকুমা দিনহাটায় পারদ চড়ল কয়েক গুণ। ভোটার তালিকা থেকে ৩৬ হাজার মানুষের নাম ‘বিচারাধীন’ বা ‘অ্যাডজুডিকেশন’-এর তালিকায় রাখা নিয়ে নজিরবিহীন সংঘাতে জড়াল প্রশাসন ও শাসক দল।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে রাজনৈতিক ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে সোমবার থেকে দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে অনশনে বসলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “পরিকল্পিতভাবে একটি দলের ভোটার বাদ দিয়ে অন্য দলকে জেতানোর চেষ্টা হলে কর্মীরা বসে থাকবে না। তারাও পাল্টা ‘সার’ করে অন্যদের নাম বাদ দেওয়ার রাস্তা খুঁজবে।”
দিনহাটায় অনশনে উদয়ন
কলকাতার ধর্মতলায় যখন ‘সার’ (SIR) ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় সরব, ঠিক তখনই উত্তরের মাটিতে আন্দোলনের মেজাজ তৈরি করলেন উদয়ন। সোমবার সকাল ৯টা থেকে প্রায় ২০০ জন নেতা-কর্মীকে নিয়ে ২৪ ঘণ্টার অনশন শুরু করেন মন্ত্রী। উদয়নবাবুর অভিযোগ, নিবিড় সংশোধন বা ‘SIR’-এর নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তিনি বলেন, “৩৬ হাজার মানুষের নাম ঝুলে রয়েছে। বিশেষ করে সাবেক ছিটমহল পোয়াতিরকুটিরের মতো এলাকায় প্রায় ৮০০ জন ভোট দিতে পারবেন না। তাঁরা ক্ষোভে ফুঁসছেন।”
কমিশনকে কড়া হুঁশিয়ারি
অনশন মঞ্চ থেকেই মন্ত্রী কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দেন। তাঁর কথায়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা হারিয়ে কোনও বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে চায়, তবে তার ফল হবে ভয়াবহ। ভোটার তালিকা সংশোধন নিয়ে উদয়ন গুহুর এই রণংদেহি মেজাজ কোচবিহারের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার সকাল ৯টা থেকে দিনহাটা সদর মহকুমা শাসকের দফতরের উল্টোদিকে এই অনশন শুরু করেছেন তিনি। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ২০০ নেতা-কর্মী অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এই অনশন চলবে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই অনশন চলে।