ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ, ২ মাস ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না কোচবিহারের সদ্যোজাত

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন ওই পরিবারকে আইনি পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য,'ওঁর ট্রাইব্যুনালের কাছে যাওয়া উচিত।

Advertisement
ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ, ২ মাস ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না কোচবিহারের সদ্যোজাতপ্রতীকী ছবি
হাইলাইটস
  • হাবিবের আরও অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়েছে
  • সেই কারণ দেখিয়েই বসবাসের শংসাপত্র দিতে চাইছে না প্রশাসন

ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়েছে। আর তার জেরে গত দু'মাসেরও বেশি সময় ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না কোচবিহারের এক সদ্যোজাত। প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে শিশুকন্যার জন্ম নথিভুক্তির প্রক্রিয়া। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় বাবার বসবাসের শংসাপত্র দিতে চাইছে না স্থানীয় প্রশাসন। আর সেই নথি না মেলায় আটকে রয়েছে শিশুর জন্মের শংসাপত্র। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কোচবিহারের দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব। তাঁর স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের দু'মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মেয়ের জন্মের শংসাপত্র হাতে পাননি তাঁরা।

আবদুলের অভিযোগ, সন্তানের জন্ম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় বসবাসের শংসাপত্র সংগ্রহ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন তিনি। স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে ওই শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে তাঁকে জানানো হয়, পঞ্চায়েত প্রধানের পদ বর্তমানে শূন্য থাকায় নথি তৈরি করা সম্ভব হচ্ছে না। এরপর স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

হাবিবের আরও অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়েছে। সেই কারণ দেখিয়েই বসবাসের শংসাপত্র দিতে চাইছে না প্রশাসন। অথচ তাঁর স্ত্রী এখনও ভোটার তালিকায় বৈধ ভোটার হিসেবে রয়েছেন। পরিবারের কাছে পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথিও রয়েছে বলে দাবি তাঁর। এমনকী, বাবা-মায়ের জন্মের শংসাপত্র এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নামও রয়েছে। তা সত্ত্বেও বারবার সরকারি দফতরে ঘুরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।

এ বিষয়ে ইন্ডিয়া টুডে-র তরফে দিনহাটা-২ ব্লকের বিডিও লামহু ওয়াংডির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন ওই পরিবারকে আইনি পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য,'ওঁর ট্রাইব্যুনালের কাছে যাওয়া উচিত। ট্রাইব্যুনাল বিষয়টি খতিয়ে দেখবে এবং তার পর সিদ্ধান্ত নেবে ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা উচিত কি না। তিনি যদি ভারতীয় নাগরিক হন, তা হলে জন্মের শংসাপত্র পেতে তাঁর কোনও অসুবিধা হওয়ার কথা নয়।'

Advertisement

অন্যদিকে, SIR প্রক্রিয়ায় প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ পড়ছে বলে অভিযোগ করেছেন কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, 'এই প্রক্রিয়ায় বহু প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে তাঁদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। আবদুল হাবিব স্থানীয় মুসলিম রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত প্রকৃত নাগরিকের নাম পুনরায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'

এদিকে, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য, এই ধরনের সমস্যার সমাধানের দায়িত্ব রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারের। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, 'বিভিন্ন জায়গা থেকে একই ধরনের অভিযোগ সামনে আসছে। শিশুর বাবার নথিপত্রে কোনও অসঙ্গতি থাকলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন।'

এক সদ্যোজাতের জন্মের শংসাপত্র পেতে কেন এতদিন অপেক্ষা করতে হচ্ছে, তা নিয়েই উঠছে প্রশ্ন। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার জেরে কোনও শিশুর জন্ম নথিভুক্তির মতো মৌলিক প্রশাসনিক পরিষেবা আটকে থাকতে পারে কি না, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

POST A COMMENT
Advertisement