মালদার হিজলবন নয়া ট্যুরিস্ট ডেস্টিনেশন, সরকারের ঠিক কী পরিকল্পনা?রাজ্যে ক্ষমতায় আসার পরেই পর্যটন নিয়ে গুরুত্বপূর্ণ নানা বার্তা দিয়েছে নয়া সরকার। সুন্দরবন থেকে শুরু করে পাহাড়ি উত্তরবঙ্গে একাধিক জায়গায় পর্যটনের উন্নতিতে কাজ করছে শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। রাজ্যে নয়া ট্যুরিস্ট ডেস্টিনেশন যোগ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্যটন দফতর। এবার সেই তালিকায় নয়া নাম যুক্ত হতে চলেছে মালদার হিজলবন।
আদতে মালদার এই বাদাবনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রায় বছর ৪ আগেই উদ্যোগ গ্রহণ করেছিল তৎকালীন সরকার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, এই এলাকাকে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার। সেই মতো প্রাথমিক কাজ করা হলেও, হিজলবনকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তুলতে তা যথেষ্ট ছিল না। কিন্তু এবার বিজেপি সরকার হিজলবনকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর।
মালদার হিজলবন সম্পর্কে জানুন
মালদা জেলাবাসীর কাছে এই এলাকা সুপরিচিত। শীতের মরশুমে বহু মানুষ এখানে পিকনিক করেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের বাদাবন হিসেবে পরিচিত এই হিজলবন। রিপোর্ট বলছে, এই এলাকার বিস্তার প্রায় ২০০০-একরের বেশি। মূলত, মালদার সিঙ্গাবাদ-তিলাসন জলাভূমি এলাকায় এই জলাবন রয়েছে। এই বনের মূল আকর্ষণ হিজল গাছ। এছাড়াও, শীতকালে বিল ও জলাশয়ে বিভিন্ন পরিযায়ী পাখি দেখা যায়। ফলে পাখিপ্রেমীদের কাছে এই এলাকা বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
২০০০ একরের বেশি এলাকায় এই জলাবন থাকলেও, অভিযোগ উঠছে শিকার, জমি দখলের জেরে বর্তমানে নথিতে এই বন মাত্র ১২০০ একরে এসে দাঁড়িয়েছে। এছাড়াও, সম্প্রতি ৫০-৬০ একর তৃণভূমি আগুনের জেরে নষ্ট হয়েছে ফলে সব মিলিয়ে এই হিজলবন নিয়ে দেখা দিয়েছে সংকট।
সরকারের কী পরিকল্পনা?
রাজ্যে পর্যটনের উন্নতিতে সরকার এই বাদাবনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ পাবে আরও একটি নজরকাড়া জায়গা। এই উদ্যোগের আওতায় কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন পরিকাঠামো গড়তে বাদাবনে যাওয়ার রাস্তায় ব্যাপক উন্নতি করা প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে বলে সূত্রের দাবি। এছাড়াও, সেখানে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা, নির্দিষ্ট ভিউ পয়েন্ট তৈরির পরিকল্পনা রয়েছে। BSF-এর তরফে অনুমতি পাওয়া গেলে কিছু জায়গা থেকে বাংলাদেশ দেখার ভিউপয়েন্টও তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।