Annapurna Yojana: 'আমার ঢোকেনি কেন?' জঙ্গিপুর থেকে ডায়মন্ড হারবার, মহিলাদের তীব্র বিক্ষোভ, বিরাটিতে রেল অবরোধও

এর আগেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার প্রতিবাদে পুরকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। নতুন মাসে প্রকল্পের টাকা দেওয়ার সময় ফের বিক্ষোভে সামিল হন বঞ্চিত মহিলারা। বারবার এই ধরনের বিক্ষোভ ও হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুরকর্মীরাও।

Advertisement
 'আমার ঢোকেনি কেন?' জঙ্গিপুর থেকে ডায়মন্ড হারবার, মহিলাদের তীব্র বিক্ষোভ, বিরাটিতে রেল অবরোধওঅন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পেয়ে বিক্ষোভ
হাইলাইটস
  • মহিলাদের ব্যাপক বিক্ষোভ জঙ্গিপুর পুরসভায়
  • বিরাটিতে রেল অবরোধ মহিলাদের
  • সাগরদিঘিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও বিক্ষোভে ট্রেন অবরোধ করলেন মহিলারা। কোথাও পুরসভা ঘেরাও তো কোথাও রাস্তা অবরোধ। দিকে দিকে মহিলাদের বিক্ষোভের খবর আসছে। 

মহিলাদের ব্যাপক বিক্ষোভ জঙ্গিপুর পুরসভায়

আজ অর্থাত্‍ শুক্রবার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে জঙ্গিপুর পূরসভায় ব্যাপক বিক্ষোভ দেখালেন মহিলারা। তাঁদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পুরসভা ছেড়ে জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরের দিকে যেতে বাধ্য হন কয়েকজন কর্মীকে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, একাধিকবার আবেদন জমা দেওয়ার পরেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। সমস্যা জানাতে বারবার পুরসভায় এসেও কোনও সমাধান হয়নি। এদিন ক্ষোভে পুরকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

জঙ্গিপুর পুরসভায় বিক্ষোভ মহিলাদের
জঙ্গিপুর পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রকল্পের জন্য আবেদন করার পরেও কেন টাকা দেওয়া হচ্ছে না, তার স্পষ্ট জবাব দিতে হবে পুরসভার কর্তৃপক্ষকে। পাশাপাশি, প্রকৃত উপভোক্তাদের দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার দাবিও জানান তাঁরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পৌরকর্মীরা বিক্ষোভের মুখে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পৌরসভা ছেড়ে মহকুমা শাসকের দফতরের দিকে রওনা দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিপুর পৌরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অভিযোগ, এর আগেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার প্রতিবাদে পুরকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। নতুন মাসে প্রকল্পের টাকা দেওয়ার সময় ফের বিক্ষোভে সামিল হন বঞ্চিত মহিলারা। বারবার এই ধরনের বিক্ষোভ ও হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুরকর্মীরাও।

বিরাটিতে রেল অবরোধ মহিলাদের

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভের খবর সামনে এসেছে। কোথাও প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ, আবার কোথাও রাস্তা অবরোধের অভিযোগ উঠেছে। বিরাটি স্টেশনেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের ট্রেন অবরোধের দাবি উঠেছে। পাশাপাশি ডায়মন্ড হারবার রোডেও মহিলাদের বিক্ষোভ ও রাস্তা অবরোধের খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীদের মূল দাবি, যোগ্য উপভোক্তাদের দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে এবং যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

Advertisement

সাগরদিঘিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরদিঘি। অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকার দাবিতে শুক্রবার সাগরদিঘি বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন এলাকার একদল মহিলা। দুপুর ১২টা নাগাদ বিডিও অফিস চত্বরে জমায়েত হয়ে তাঁরা দ্রুত প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না। সমস্যা সমাধানের আশায় তাঁরা বারবার বিডিও অফিসে গেলেও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের। এদিন বিডিও-র সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানাতে এসেছিলেন মহিলারা। কিন্তু বিডিওর সঙ্গে দেখা করতে পারেননি বলে অভিযোগ। সরকারি আধিকারিকদের কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ে। প্রশাসনিক দফতরে বারবার ঘুরেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা হয়রানির অভিযোগও তোলেন।

জঙ্গিপুরে ব্যাপক বিক্ষোভ মহিলাদের
জঙ্গিপুরে ব্যাপক বিক্ষোভ মহিলাদের

বিক্ষোভকারীদের দাবি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা যেভাবে সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও তেমনই স্বচ্ছ ও নির্দিষ্ট ব্যবস্থা করা হোক। তাঁদের বক্তব্য, সরকার ঘোষিত ৩,০০০ টাকা পুরোপুরি না হলেও, সরকার যে পরিমাণ ভাতা নির্ধারণ করবে, তা নিয়মিত পেলেই তাঁরা সন্তুষ্ট।

এদিকে বিক্ষোভের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আশায় এবং প্রয়োজনীয় নথিপত্র পুনরায় জমা দিতে বিডিও অফিসে আবেদনকারীদের দীর্ঘ লাইনও দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ ও প্রশাসনিক দফতরে আবেদনকারীদের ভিড়কে কেন্দ্র করে সাগরদিঘি বিডিও অফিস চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

POST A COMMENT
Advertisement