Asish Banerjee: TMC-র পাঁচ বারের বিধায়কের রহস্য মৃত্যু, পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Asish Banerjee dead: রবিবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা। বীরভূমের পার্টি অফিস থেকে উদ্ধার হল প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ।

Advertisement
TMC-র পাঁচ বারের বিধায়কের রহস্য মৃত্যু, পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহTMC-র পাঁচ বারের বিধায়কের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য
হাইলাইটস
  • উদ্ধার হল বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ।
  • তৃণমূলের পার্টি অফিস থেকে পাঁচ বারের তৃণমূল বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
  • পার্টি অফিস থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

সাতসকালে চাঞ্চল্যকর ঘটনা। বীরভূমের রামপুরহাটে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। রবিবার তাঁর বাড়ির কাছে  তৃণমূলের পার্টি অফিস থেকে পাঁচ বারের তৃণমূল বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে দাবি, পার্টি অফিস থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। বর্তমানে প্রাক্তন তৃণমূল বিধায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন বীরভূমের অন্যতম জনপ্রিয় নেতা। রামপুরহাটের পাঁচবারের বিধায়ক ছিলেন তিনি।  ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছর এই আসনে ভোটে দাঁড়িয়েছেন তিনি। তবে, ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে হেরে বিধায়ক পদ হারান এই TMC নেতা।

তৃণমূল সরকারের আমলে বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় স্কুলশিক্ষা ও কৃষি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি।  অনুব্রত মণ্ডল বীরভূম জেলা সভাপতি থাকার সময় জেলায় দলের অন্যতম পরিচিত মুখ ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এমন একটা সময়ে এই ঘটনা ঘটল, যখন চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। ১৫ বছর পর শাসক দল থেকে সরে গিয়েছে তৃণমূল। দুর্নীতি সংক্রান্ত তদন্ত, এমনকী গ্রেফতারের মুখেও পড়তে হচ্ছে তৃণমূলের একাধিক প্রাক্তন বিধায়ক ও নেতাকে।

প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আত্মহত্যা কিনা, তা এখনও নিশ্চিত করে জানায়নি পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও সুইসাইড নোটের বিষয়বস্তু  থেকে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

POST A COMMENT
Advertisement