
এক বাসেই এবার বেলুড় মঠ-কামারপুকুর-জয়রামবাটিবাংলা জুড়ে শীতের আমেজ। আর এই সময়ে অনেকেই ঘুরতে পছন্দ করেন। তাদের জন্য রয়েছে সুখবর। বেলুড় মঠ থেকে এবার একবাসেই যাওয়া যাবে জয়রামবাটি ও কামারপুকুরে। এই রুটে নতুন এসি ভলভো বাস চালু করল রাজ্য সরকার। বুধবার ডব্লুবিটিসি-র বাস পরিষেবার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

বাংলার অন্যতম পর্যটন স্থান ও আধ্যাত্মিক কেন্দ্র স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠ। অন্য দিকে, বাঁকুড়া জেলায় মা সারদার জন্মস্থান জয়রামবাটি, মাঝে হুগলি জেলায় রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর। এবার এই তিনটি পর্যটন স্থান একবারে ঘুরে দেখার বড় সুযোগ করে দিল বাংলার পরিবহণ দফতর।
নতুন বাস রুট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি লেখেন, 'জগদ্ধাত্রী পুজোর মহানবমীর শুভ দিনে আজ বেলুড় মঠ থেকে জয়রামবাটি, ভায়া কামারপুকুর রুটে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) উদ্যোগে নতুন এ.সি. ভলভো বাস পরিষেবার শুভ উদ্বোধন করলাম। এই অনুষ্ঠানের পরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় স্বামী সুবীরানন্দজী মহারাজ কাছ থেকে আশীর্বাদ লাভ করে ধন্য হলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী শুকদেবানন্দজী মহারাজ। এই নতুন পরিষেবার মাধ্যমে বেলুড় মঠ, কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে যাতায়াত আরও আরামদায়ক ও সুগম হবে। বিশেষত তীর্থযাত্রী ও সাধারণ যাত্রীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত উপযোগী হয়ে উঠবে।'
কোথায় কোথায় যাবে এই বাস?
বাসটি বেলুড় মঠ স্ট্যান্ড থেকে ছাড়বে। সেখান থেকে ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ হয়ে কামারপুকুর যাবে। সেখান থেকে যাবে জয়রামবাটি।
কখন ছাড়বে বাসটি?
যাত্রীদের সুবিধার্থে এই বাসে আধুনিক পরিষেবা দেওয়া হচ্ছে। রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা। বায়ো টয়লেটে। এই বাসের নম্বর ACT-11, বেলুড় মঠ থেকে সকাল ৫.৪৫ মিনিটে ছাড়বে বাসটি। জয়রামবাটি পৌঁছবে বিকেল ৩.৪৫ মিনিটে।
ভাড়া কত?
এই রুটে ভাড়া কমপক্ষে ৪০ থেকে শুরু করে সর্বোচ্চ ২৪০-২৫০ টাকা হতে পারে। তবে এটি এখনও নির্দিষ্ট করা হয়নি। সরকারি বাস, তার মানে মহিলাদের জন্য একদম বিনামূল্যে সফরের সুযোগ মিলবে।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অর্জুন সিং বলেন, ‘আমরা যেটা চালাবো, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে। এই পরিষেবা যখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহণমন্ত্রী ছিলেন, তখন চালু হয়েছিল। মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এ বার আর বন্ধ হবে না। আজ জগদ্ধাত্রী পুজোর পুণ্য দিনে, পুণ্য কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি।’
এর পাশাপাশি রাজ্যের অন্যান্য রুটেও আগামী দিনে আরও বাসের সংখ্যা বাড়বে বলে জানান পরিবহনমন্ত্রী। ইতিমধ্যেই ৩০টি নতুন সরকারি ভলভো বাস নিয়ে আসছে পরিবহণ দফতর। এই নতুন বাস পরিষেবার ফলে বেলুড় মঠ থেকে কামারপুকুর-জয়রামবাটি যাওয়া ভক্তদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।

প্রসঙ্গত রাজ্যের পরিবহন মন্ত্রী আগেই জানিয়েছেন রাজ্যে ৪০টি নতুন ভলভো বাস আনা হচ্ছে , নতুন বাসগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে কাজে লাগানোর ভাবনা রয়েছে। বিশেষ করে ধর্মীয় তীর্থস্থানগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, '৪০টি ভলভো বাস আনাচ্ছে রাজ্য। পুরী-সহ বিভিন্ন ধর্ম স্থানের ক্ষেত্রে এই বাস বেশি করে চালানো হবে। পুরীতে বাঙালিরা বেশি যান। সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব। পাশাপাশি, তারকেশ্বর থেকে পুরী, পুরী থেকে শিলিগুড়ি, তারকেশ্বর থেকে শিলিগুড়ি ইত্যাদি রুটে এই নতুন ভলভো বাস চালানোর পরিকল্পনা রয়েছে। কলকাতা থেকেও বিভিন্ন দিকের জন্য এই বাস ছাড়বে। আমরা চেইন করে দেব সরকারি বাসের।'