'ভক্তকে ছেড়ে রক্তকে ভরসা', ফিরহাদকে টেনেই মমতাকে নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari: সম্প্রতি ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় ভক্তের চেয়ে রক্তের সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই ইস্যুতেই মমতাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারীও।

Advertisement
'ভক্তকে ছেড়ে রক্তকে ভরসা', ফিরহাদকে টেনেই মমতাকে নিশানা শুভেন্দুর'ভক্তকে ছেড়ে রক্তকে ভরসা', ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে কটাক্ষ শুভেন্দুর
হাইলাইটস
  • ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীও।
  • শুভেন্দু বলেন, "রাজ্যকে "বৃহত্তর বাংলাদেশে" পরিণত করার পরিকল্পনা করেছিল।"
  • ফিরহাদের কথায়, “ব্যথা বা অভিমান যাই বলুন, উনি ভক্তের চেয়ে রক্তের সম্পর্ককে বেছে নিয়েছেন।”

তমলুকে বিজেপির দলীয় কার্যালয়ের ভূমিপুজোর পর ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীও। এদিন ভূমিপুজোর অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু বলেন, "৬৬ হাজার পুজো হয়েছে এটা আনন্দের সংবাদ। কিন্তু চোরবাগানের ঘটনায় আমরা ব্যথিত। আহতদের সুস্থ করা সম্ভব হয়েছে।" একইসঙ্গে প্রাক্তন শাসক দলকেও কটাক্ষ করেন তিনি।

মঞ্চ থেকে নেমে শুভেন্দু জানান, বিজেপি প্রায় ৪৬ শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছে। ফলতা ও নন্দীগ্রামেও বিপুল মার্জিনে জিতেছে বিজেপি। একইসঙ্গে তিনি বলেন, "বিজেপি এরাজ্যে পরবর্তী ভোটগুলিতে ৬০ শতাংশের বেশি আসনে ভোট পেয়ে জিতবে।" 

শুভেন্দুর অভিযোগ, আগের সরকারের আমলে এরাজ্যকে 'গ্রেটার বাংলাদেশ' বানানোর পরিকল্পনা করা হয়েছিল। 'জয় বাংলা' তো বাংলাদেশের স্লোগান বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।  তৃণমূল সরকারকে তোষণ রাজনীতিতে লিপ্ত থাকার সমালোচনা করে শুভেন্দু  দাবি করেন, সেই সরকারের "জাতীয়তাবাদ সম্পর্কে কোনো ধারণা নেই" এবং তারা রাজ্যটিকে "বৃহত্তর বাংলাদেশে" পরিণত করার পরিকল্পনা করেছিল।

একইসঙ্গে আসন্ন হলদিয়া  পুরভোট নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সামনেই হলদিয়া পুরসভার নির্বাচন। শূন্য করতে হবে বিরোধীদের। ৩০টি আসনের মধ্যে সবকটিতেই জিততে হবে। মমতা বন্দ্য়োপাধ্যায়কে খালি হাতে ফেরাতে হবে। অনেক ক্ষতি করেছেন উনি। আর নয়।"

এরপরেই ফিরহাদ হাকিমের 'মমতার ভক্ত নয় রক্তকে ভরসা করা' মন্তব্য নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। সম্প্রতি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে ফিরহাদ জানান, এখনও মমতাকেই নিজের নেত্রী বলে মনে করেন তিনি। তবে একই সঙ্গে তাঁর কণ্ঠে শোনা গিয়েছে অভিমান। ফিরহাদের কথায়, “ব্যথা বা অভিমান যাই বলুন, উনি ভক্তের চেয়ে রক্তের সম্পর্ককে বেছে নিয়েছেন।”

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "উনি ৮০টা MLA জিতেয়েছিলেন, ধরে রাখতে পারেননি তাঁর দায় কি আমার? ২৯ জন সাংসদ জিতেছিলেন, তার মধ্যে ২০ জনকে ধরে রাখতে পারেননি, তাঁর দায় আমার নাকি? উনি (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) নিজের ঘর ধরে রাখতে পারছেন না। ওনার সবচেয়ে বড় অনুগামী ফিরহাদ হাকিম বলছেন, 'ভক্তের চেয়ে রক্তকে বেশি গুরুত্ব দিয়েছেন', ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা, না আমাদের মুখপাত্র? তিনি আগে ওনার প্রতিবেশী ফিরহাদ হাকিমের সঙ্গে মেটান, তারপর আমাদের নিয়ে ভাববেন।"

Advertisement


 

POST A COMMENT
Advertisement