পুজোর আগেই ঝাড়গ্রামে চালু 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'নারী সুরক্ষায় প্রথম থেকেই জোর দেওয়ার কথা বলেছে রাজ্যের নতুন সরকার। এবার নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নকে আরও জোরদার করতে দুর্গাপুজোর আগেই ঝাড়গ্রাম জেলায় চালু হল 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'। জেলা পুলিশের উদ্যোগে গড়ে ওঠা এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল দেবে। শুক্রবার জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াডের উদ্বোধন হয়।
জেলা পুলিশ সূত্রে খবর, মোট ১২টি বাইক ও ২টি চারচাকার গাড়ি নিয়ে কাজ করবে এই স্কোয়াড। থাকবেন ৩০ জন মহিলা কনস্টেবল। স্কুল, কলেজ, হাসপাতাল, ছাত্রী আবাসন, বাজার, বাসস্টপ এবং গ্রামীণ হাট এলাকায় নিয়মিত রুট মার্চ করবেন তাঁরা। পাশাপাশি পথচলতি মহিলা ও কিশোরীদের সঙ্গে কথা বলে তাঁদের কোনও সমস্যা বা অভিযোগ রয়েছে কি না, তাও জানার চেষ্টা করবেন মহিলা পুলিশকর্মীরা।
কোনও অভিযোগ পেলে সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রামের ৯টি থানা, ২টি পুলিশ ফাঁড়ি, একটি বিট হাউস ও মহিলা থানা এলাকায় এই স্কোয়াড কাজ করবে। পুলিশ সুপার মানব সিংলা জানান, মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্যেই এই উদ্যোগ।
জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, নারী ক্ষমতায়নের অন্যতম ভিত্তি হল নিরাপত্তা। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ও মন্ত্রী রাজেশ মাহাতও এই উদ্যোগকে স্বাগত জানানোর নারী সুরক্ষায় সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান।