হলদিয়ায় ন্যাপথার পাইপ লাইনে বিধ্বংসী অগ্নিকাণ্ডসাতসকালে হলদিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোক্যামিক্যালসে ন্যাপথার পাইপ লাইনে আগুন লাগার জেরে চাঞ্চল্য এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে জখম হয়েছে কমপক্ষে ৭ জন। কারও কারও মতে সংখ্যাটা এক ডজনেরও বেশি। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। অত্যন্ত ৬টি ইঞ্জিন দিয়ে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ দমকলকে খবর দেওয়ার পাশাপাশি হলদিয়া পেট্রোক্যামিকালস ও অন্যান্য শিল্প সংস্থার ফায়ারিং ইঞ্জিন দিয়েও আগুন নেভানোর চেষ্টা করা হয়।
জানা গিয়েছে, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে বেশ কয়েকটি ঝুপড়ির ঘর। এই ঘরগুলির বেশ কয়েকজন বাসিন্দা আগুনের ঝলসানির জেরে আহত হয়েছেন বলে সূত্রের দাবি। তবে সেই সংখ্যাটা কত, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ প্রশাসন। কীভাবে আগুন লাগল, তাও এখনও জানা যায়নি। আহতদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য সরকারি ভাবে এখনও পাওয়া যায়নি। তবে, সূত্রের দাবি, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের একাংশের দাবি, গতকাল রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। অর্থাৎ ন্যাপথা পাইপলাইন থেকে গ্যাস লিক করছিল বলে মনে করছেন স্থানীয়রা। তাঁরা জানান, এদিন ভোরে আচমকা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘরের বাইরে এসে দেখতে পান লেলিহান আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বেলা বাড়লে কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠতে থাকে কালো কালো ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, যে জায়গায় আগুন লেগেছে। তা রেল লাইন সংলগ্ন এলাকা। ফলে অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।