অনুব্রত গড়ে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরকভোটের আগে রাজ্যে ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার। এবার ঘটনাস্থল বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বানিওর পঞ্চায়েতের খাপুর ক্যানেল এলাকা। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৫০০ পিস বোমা ও ৫০ কেজি কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটি থানার অন্তর্গত বানিওর পঞ্চায়েতের খাপুর ক্যানেল এলাকায় টহলদারির সময় একটি সন্দেহভাজন মোটরবাইক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাইকের পেছনে বাঁধা কম্বল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। এরপরই অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করে পুলিশ। বাইক সহ বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত পাচারকারীর নাম চাদু লেট। তাঁর বাড়ি রামপুরহাট থানার রদিপুর গ্রামে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রামপুরহাট এলাকা থেকে নলহাটির পাথর শিল্পাঞ্চলের দিকে এই বিস্ফোরক পাচার করা হচ্ছিল। এই পাচারচক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নলহাটি থানা পুলিশ। ভোটের আগে এমন বিস্ফোরক উদ্ধারে এলাকায় আতঙ্ক ও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভোটের মুখে বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত মারগ্রাম ২ নম্বর পঞ্চায়েতের ছামু ঘাট এলাকায় বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনা সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কয়েকজন বাসিন্দা নদীর ধারের একটি ঝোপের মধ্যে সন্দেহজনক একটি জার পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন, জারের ভেতরে রয়েছে বোমার মতো কিছু বস্তু। এরপরই মারগ্রাম থানায় জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মারগ্রাম থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। ঝোপের ভেতর থেকে উদ্ধার হয় ১৫ থেকে ২০টি তাজা বোমা। ভোটের মুখে এই বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
- শান্তনু হাজরা