ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের চেষ্টা বানচাল করল কোস্ট গার্ডভারত-বাংলাদেশ সীমানায় বড়সড় পাচারের ছক বানচাল করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। নামখানার ফ্রেজারগঞ্জ থেকে একটি ভারতীয় বোট সহ প্রায় আড়াই কুইন্টাল সুপারি পাকড়াও করল ICG স্টেশন ফ্রেজারগঞ্জ। বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গোপসাগরের বুকে অভিযান চালিয়ে এই পাচারের ছক বানচাল করা হয়।
বকখালি থেকে মাত্র ৩ নটিক্যাল মাইল দূরে লুথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় এফ বি লক্ষ্মীনারায়ণ নামে ভারতীয় ট্রলার থেকে প্রায় আড়াই টন বেআইনি সুপারি বাজেয়াপ্ত করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। তবে ট্রলারটি আটক করা সম্ভব হলেও, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অন্য একটি ট্রলারে করে চম্পট দিয়েছে পাচারকারীরা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বোর্ডিং দল নির্দিষ্ট সমুদ্র এলাকায় পৌঁছয়। সেখানে নৌকাটিকে পরিত্যক্ত অবস্থায় ভাসতে দেখা যায়। তৎক্ষণাৎ কোস্টগার্ডের রক্ষীরা লঞ্চ বা বড় নৌকাটিকে ঘিরে ধরে এবং তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ৫২টি বস্তা সুপারি উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২,৬০০ কিলোগ্রাম। আটক হওয়া ট্রলার ও সুপারির বস্তা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কাছে হস্তান্তর করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির অফিসাররা। ঘটনায় পরবর্তী আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিনের অভিযানে স্পষ্ট হয়ে গেল যে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও অন্য সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ফলে সীমান্তে পাচার করা অনেকাংশে ঠেকানো যাচ্ছে।