ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাফের একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির জেরে নিম্নচাপ গঠিত হওয়ার সম্ভাবনা। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিম্নচাপটি গঠিত হতে পারে। যদিও তার জেরে কলকাতা তথা রাজ্যের উপর প্রভাব পড়ার সম্ভাবনা কার্যত নেই। আগামী ৭ দিন কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে IMD।
নিম্নচাপ নিয়ে কী বার্তা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ নাগাদ নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত একটি নতুন ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলেই একটি নিম্নচাপ এলাকা গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বাংলায় প্রভাব কতটা?
তবে IMD-এর দেওয়া তথ্য বলছে, আগামী ৭ দিনে রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে ঘূর্ণাবর্তের পর নিম্নচাপ তৈরি হলেও, তার প্রভাব কতটা এরাজ্যের জেলায় জেলায় পড়তে পারে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
এরাজ্যের আবহাওয়া কেমন থাকবে?
শীতপ্রেমীদের নিরাশ করেই হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক পরিস্থিতিই বজায় থাকবে। বৃহস্পতিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। চড়চড় করে বাড়বে রোদের তেজও।
দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের উপর অবস্থান পশ্চিমী ঝঞ্ঝার। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ২৬ জানুয়ারি সোমবার। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় কার্যত শীতের বিদায় পর্বের শুরু। এরমধ্যেই পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।