মন্দারমণিতে রুম খুঁজতে গিয়ে পর্যটকদের ব্যাপক মারধরের অভিযোগমন্দারমণি ঘুরতে গিয়ে চরম হেনস্থার শিকার পর্যটকেরা। একটি হোটেলে রুম দেখতে গিয়ে হোটেলেরই কর্মীদের হাতে মারধরের শিকার পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে মন্দারমণির স্বর্ণময়ী বিচ রিসর্টে। জানা গিয়েছে, গাড়ি পার্কিং নিয়ে ঝগড়া জেরেই এই ঘটনা ঘটেছে। হোটেল কর্মীদের হাতে হেনস্থা হয়ে জখম হয়েছেন ওই পরিবারের মহিলা ও বয়স্ক ব্যক্তিরাও।
হেনস্থার শিকার হওয়া মহম্মদ আসিফ জানিয়েছেন, ওই হেটেলের রুম দেখার জন্য তাঁরা গাড়ি পার্ক করেন। কিন্তু পার্কিং নিয়েই ঝামেলা শুরু হয়। প্রথমে তর্কাতর্কি তারপর হাতাহাতিতে নেমে আসে হোটেলের কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারটির উপর লাঠি, বাঁশ দিয়ে হামলা করেছেন হোটেল কর্মীরা। প্রবীণ থেকে শুরু করে মহিলাদেরকেও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। হামলার জেরে আহত হয়ে পড়েন ওই পর্যটক পরিবারের একাধিক সদস্য।
ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। নিগৃহীত পর্যটকেরা থানায় অভিযোগ জানাতেই ব্যবস্থা নেয় পুলিশ। ইতিমধ্যেই ওই হোটেলের ম্যানেজার ও এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মন্দারমণি কোস্টাল থানা। ধৃতদের জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আক্রান্তদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মন্দারমণির মতো জায়গায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জামেলার বিষয়বস্তু যাই হোক না কেন, কীভাবে সভ্য সমাজে পর্যটকদের উপর এভাবে হামলা চালাতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মন্দারমণিতে পরযটদের নিরাপত্তা কতখানি, তা নিয়েও প্রশ্ন উঠছে।
যদিও পার্কিং নিয়ে পরিস্থিতি কেন এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা এখনও জানা যায়নি। আক্রান্তের অভিযোগের ভিত্তিতেই হোটেল কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিস্তারিত তদন্তের পরেই ঘটনা সম্পর্কে আরও নানা তথ্য জানা যাবে।