নন্দীগ্রাম, রেজিনগরে শুরু হচ্ছে ভোটগণনাবুধবার ভোটের পর আজ শুক্রবার নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ভোটগণনা। তার জেরে সকাল থেকেই একেবারে কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র থেকে স্ট্রং রুম। রেজিনগরের গণনা হবে বহরমপুর গার্লস কলেজে । এই কেন্দ্রে দুটি হলে ইভিএমের গণনা হবে। থাকছে একটি পোস্টাল ব্যালট হল এবং একজন কাউন্টিং অবজার্ভার । এখানে গণনা শেষ হবে ১৫টি রাউন্ডে।
অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গণনা হবে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে । এখানেও একই ধাঁচে দুটি হলে ইভিএম গণনা হবে। থাকবে একটি পোস্টাল ব্যালট হল এবং একজন কাউন্টিং অবজার্ভার । এই কেন্দ্রেও ১৫ রাউন্ড গণনা হবে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন দুপুর ১২টার মধ্যে ৭-৮ রাউন্ড গণনার পরেই দুই কেন্দ্রেই চিত্রটা স্পষ্ট হয়ে উঠবে। প্রশাসন সূত্রে খবর নিরাপত্তার কথা মাথায় রেখে দুই গণনা কেন্দ্রের 100 মিটার পর্যন্ত এলাকায় কোনও গাড়ি চলাচলের অনুমতি দিচ্ছে না পুলিশ। তবে পথচারীরা যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদেরও পরিচয়পত্র পরীক্ষা করতে পারে পুলিশ। এছাড়াও, গণনা কেন্দ্রের বিল্ডিংয়ের মূল গেটে থাকছে স্টেট আর্মড পুলিশ এবং গণনাহলের মূল প্রবেশপথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
দুই কেন্দ্র থেকেই সূত্রের দাবি, প্রথম রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রেই কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।
নন্দীগ্রাম উপনির্বাচনে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরাণি রথ।
সকাল ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের ভোটগণনা। প্রথম ৩০ মিনিট হয়েছে EVM-এর ভোট গণনা। তারপরেই সাড়ে ৮টা থেকে চলছে EVM-এর গণনা। প্রথম রাউন্ডের শেষে দুই কেন্দ্রেই বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
যেখানে মানুষ অবাধ, শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরেছে সেখানে কংগ্রেস জয়ী হবে বলে দাবি করলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর দাবি, 'ভোট লুট হয়েছে, গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে'।
'ভোট লুট হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা টেবিলে আমরা থাকব', বললেন নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী মিলন প্রধান।
ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন গণনা কেন্দ্রের ভিতরে। সকাল ৮টার একটু পর থেকেই শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনার কাজ। প্রথম ৩০ মিনিট পোস্টাল ব্যালট গণনা হবে বলে জানা গিয়েছে।
রেজিনগর কেন্দ্রের উপ-নির্বাচনের গণণা চলছে বহরমপুর গার্লস কলেজে। গণতান্ত্রিক তৃণমূল প্রার্থী সফিউজ্জামান শেখ ও বিজেপি প্রার্থী শাখারভ সরকার ইতিমধ্য়েই কাউন্টিং সেন্টারে ভিতরে প্রবেশ করেছেন । বাকি প্রার্থীরা এখনও এসে পৌঁছননি ।
সকাল ৮টায় ভোট গণনা শুরু হওয়ার কথা। নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রেই রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। ইতিমধ্যেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির হয়েছেন গণনাকেন্দ্রে।
৬ অক্টোবর হওয়া উপনির্বাচনে নন্দীগ্রামে ভোট পড়েছে ৮০.৮৯ শতাংশ, আর রেজিনগরে ভোট পড়েছিল ৮০.০৮ শতাংশ।
রেজিনগরে উপনির্বাচনে ভোটচুরির অভিযোগে সরব বিরোধীদের একাংশ। সেই অভিযোগে শুক্রবার সকাল সাড়ে ৭টাতেও কাউন্টিং সেন্টারে পৌঁছাননি বাম, কংগ্রেস, AJUP-এর একাধিক নেতারা।
শুরু হচ্ছে নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের ভোটগণনা। উপনির্বাচনের এই ভোটের গণনা শুরু হচ্ছে সকাল ৮টা থেকে ইতিমধ্যেই নন্দীগ্রাম কেন্দ্রেই পৌঁছতে শুরু করেছেন কাউন্টিং এজেন্টরা। উল্টে তুলনামূলক ফাঁকা রয়েছে রেজিনগর।