Haldia BJP Worker Murder Case: মোদীর সভার আগেই হলদিয়ায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

যদিও খুনের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে শাসকদল। মহিষাদল বিধানসভার তৃণমূল প্রার্থী তিলককুমার চক্রবর্তী জানান, যে কোনও মৃত্যুতে তৃণমূলের নাম জড়ানো বিজেপির মজ্জাগত অভ্যেস। তৃণমূল শিবিরের দাবি, মৃতের স্ত্রী কোথাও তাঁদের রাজনৈতিক পরিচয়ের কথা বলেননি, বিজেপিই গায়ের জোরে লাশের রাজনীতি করছে।

Advertisement
মোদীর সভার আগেই হলদিয়ায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারেরহলদিয়ায় যুবক খুন

Haldia BJP Worker Murder Case: বৃহস্পতিবার হলদিয়ায় মেগা জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগের দিনই রক্তারক্তি কাণ্ড শিল্পনগরী হলদিয়াতে। বুধবার সকালে হলদি নদীর বালুঘাটা এলাকা থেকে মহাদেব বিশ্বাস (৪২) নামে এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ দেখে একে ‘পরিকল্পিত খুন’ বলে দাবি করেছে গেরুয়া শিবির। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

মৃত মহাদেব বিশ্বাস হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জলপাই এলাকার বাসিন্দা। পেশায় মৎস্যজীবী মহাদেব মঙ্গলবার বিকেলে মাছ ধরার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হল, প্রতিদিন মোবাইল সাথে রাখলেও এদিন ফোনটি বাড়িতেই রেখে যান তিনি। রাতভর বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় ছিল পরিবার। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা বাঁশখানা-জলপাই এলাকার এক নির্জন জায়গায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। দেহের পাশে মদের বোতলও পড়ে থাকতে দেখা গিয়েছে।

বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি, মহাদেব তাঁদের সক্রিয় কর্মী ছিলেন। মঙ্গলবারও তাঁকে এলাকায় দলীয় পতাকা লাগাতে দেখা গিয়েছে। বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মহাদেবকে অপহরণ করে খুন করেছে। পরিবারের সদস্যরাও জানিয়েছেন, মহাদেবের গলায় পেঁচানো দাগ এবং হাতে গভীর ক্ষত রয়েছে, যা খুনের দিকেই আঙুল তুলছে।

যদিও খুনের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে শাসকদল। মহিষাদল বিধানসভার তৃণমূল প্রার্থী তিলককুমার চক্রবর্তী জানান, যে কোনও মৃত্যুতে তৃণমূলের নাম জড়ানো বিজেপির মজ্জাগত অভ্যেস। তৃণমূল শিবিরের দাবি, মৃতের স্ত্রী কোথাও তাঁদের রাজনৈতিক পরিচয়ের কথা বলেননি, বিজেপিই গায়ের জোরে লাশের রাজনীতি করছে। পুলিশি তদন্তেই সব পরিষ্কার হবে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের ঠিক আগের দিন মহিষাদলে খুন হয়েছিলেন তৃণমূল নেতা শেখ মহিবুল। এবার বিধানসভা ভোটের মুখে প্রায় একই কায়দায় বিজেপি কর্মীর দেহ উদ্ধারে স্মৃতি ফিরছে স্থানীয়দের। বৃহস্পতিবার সকালে মোদীর সভা, তার ঠিক আগে এই ঘটনায় হলদিয়া ও মহিষাদল চত্বরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এটি নিছকই দুর্ঘটনা, ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সভার আগে হলদিয়া এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement