গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করেছে NIA। গত কয়েকদিন ধরে ফেরার থাকা শওকতকে বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকেই এই মামলার মাস্টারমাইন্ড বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
NIA সূত্রে খবর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বোমা তৈরির সময় একটি দেশি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় যে বোমা বাঁধছিল, তাঁর মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর জখম হন। ঘটনার তদন্তেই উঠে আসে শওকত মোল্লার নাম।
তদন্তে NIA দাবি করেছে, এই মামলায় গ্রেফতার হওয়া ৪ অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মূল ষড়যন্ত্রকারী। অভিযোগ, তিনিই অন্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার জন্যও তিনি সহযোগীদের নির্দেশ দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
এর কিছুদিন আগেই এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যিনি বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ।
NIA জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত আরও কোনও বড় ষড়যন্ত্র বা চক্রের খোঁজ করা হচ্ছে। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের থেকে এই মামলার তদন্তভার গ্রহণ করে NIA।
এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় একযোগে ম্যারাথন তল্লাশি চালায়। শওকত মোল্লার বাড়ি এবং সম্ভাব্য আস্তানা সহ মোট ৮টি ডেরায় তল্লাশি চালায়। আটক করা হয় তাঁর ছেলেকেও।