চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা পেরোবে ৩০ ডিগ্রি!হালকা শীতের অনুভূতি এখনও রয়েছে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। তবে এ যাত্রায় শীত আর টিকবে না। হাওয়া অফিস স্পষ্ট করে দিয়েছে, আগামী সাত দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের না হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ চড়বে ফেব্রুয়ারীর শেষদিক থেকেই। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দিনের বেলায় শীতের অনুভূতি আর মিলবে না। চলতি সপ্তাহেই আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস কী বলছে?
রাত ও ভোরে ঠান্ডা আমেজ রয়েছে৷ তবে কড়া ঠান্ডার অনুভূতি সেভাবে নেই। ফেব্রুয়ারি শেষ হতে আর মাত্র কয়েকদিন । শেষলগ্ন থেকেই তাপমাত্রার পারদের গ্রাফ আরও বেশ কিছুটা উপরে উঠে যাবে বলেই মনে করা হচ্ছে । আপাতত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। তবে হাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষে ৩০-৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা। ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে পশ্চিমাঞ্চলের এলাকগুলির পারদ । বেলা হতেই ধীরে ধীরে রোদের তেজ বাড়ছে। এককথায় দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিয়ে বসন্ত জাগ্রত দ্বারে। উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বাঙ্গীন এই শীত বিদায়ের পরিস্থিতি বঙ্গে আপাতত চলবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা শীতের উত্তরের হাওয়া এখনও কয়েক দিন থাকবে। উপকূলবর্তী জেলাগুলির তুলনায় পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার ভাব থাকবে। তবে দিনের বেলায় শীতের অনুভূতি আগেই গায়েব হয়েছে। চলতি সপ্তাহে রাতেও শীতের আমেজ ক্রমশ গায়েব হবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের মধ্যে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বেলা বাড়লে উষ্ণ দক্ষিণা বাতাসের দাপট বাড়বে বুধ, বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার থেকে দিনের পারদ দু- তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি এবং কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি পৌঁছাতে পারে এই সপ্তাহেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরের জেলাগুলিতে সকালে খুব হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও সামান্য বাড়বে তাপমাত্রা। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রাতের পারদ ৯ ডিগ্রি এবং ডুয়ার্সের জেলায় ১৫ ডিগ্রিতে উঠতে পারে রাতের পারদ। মালদা-সহ নীচের দিকের জেলাতে এই সপ্তাহে ১৭ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে রাতের তাপমাত্রা।
কলকাতার পরিস্থিতি
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১,০৯ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ০০.০৭ ডিগ্রি নিচে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে।