'তোকে দেখে নেব, আমি বনি', অর্জুন সিংকে হুমকি দেওয়া সেই TMC নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ

২০২৪ সালের লোকসভা নির্বাচন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন সেখানকার দাপুটে তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি। তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

Advertisement
'তোকে দেখে নেব, আমি বনি', অর্জুন সিংকে হুমকি দেওয়া সেই TMC নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ  বনি গ্রেফতার
হাইলাইটস
  • আজ বৃহস্পতিবার সকালে বনিকে নিজের পাড়াতেই কোমরে দড়ি বেঁধে ঘোরান পুলিশ অধিকারিকরা
  • তাঁর পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট

২০২৪ সালের লোকসভা নির্বাচন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন সেখানকার দাপুটে তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি। তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার কোমরে দড়ি বেঁধে, হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

আজ বৃহস্পতিবার সকালে বনিকে নিজের পাড়াতেই কোমরে দড়ি বেঁধে ঘোরান পুলিশ অধিকারিকরা। তাঁর পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের আমলে বনির মতো নেতাদের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল এলাকায় এলাকায়। প্রকাশ্যে গুন্ডারাজ চালাত তাঁরা। তাঁদের সবাইকে বার্তা দিতেই এই পদক্ষেপ পুলিশের। 

২০২৪ লোকসভা ভোটে অর্জুন সিংয়ের সঙ্গে ঝামেলার সময় সাংবাদিকদেরও হুমকি দিয়েছিলেন বনি। আজ সংবাদমাধ্যমের তরফে বনিকে জিজ্ঞাসা করা হয়, 'তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে? আজ কেন তৃণমূল নেতারা তাঁর সঙ্গে নেই?' তবে বনি কার্যত নির্বিকার ছিলেন। তিনি একবার শুধু বলেন, 'আমার কিছু বলার নেই।' 

প্রসঙ্গত, এই বনির বিরুদ্ধে এলাকায় তোলাবাজি ও দাদাগিরি করার অভিযোগ ছিল। ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই তিনি নিখোঁজ ছিলেন। তবে দিন তিনেক আগে তাঁকে মন্দারমণি থেকে গ্রেফতার করে বীজপুর থানার পুলিশ। পুরোনো একটি আগ্নেয়াস্ত্র মামলার সূত্র ধরেই বনিকে পাকড়াও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

স্থানীয় সূত্রে খবর, বনি বরাবরই ক্ষমতার অলিন্দে থাকতে ভালোবাসতেন। অর্জুন সিংকে হুমকি দেওয়ার পর থেকে তিনি প্রচারের আলোয় এসেছিলেন ঠিকই, তবে আগে থেকেই দাপাদাপি করতেন এলাকায়। কাঁচরাপাড়া ও বীজপুর এলাকায় তাঁর ভালো প্রভাব ছিল। 


 বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং সাংসদ পার্থ ভৌমিকের অনুগামীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে শুরু করেন তিনি। তবে ভোটের ফলাফলের পর আর শেষরক্ষা হয়নি। তাঁকে গ্রেফতার করা হয়। 

POST A COMMENT
Advertisement