শুভেন্দুর প্রশাসনিক মিটিংয়ে দেব, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কী কথা হল?

মঙ্গলবার কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। দেবের সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর।

Advertisement
শুভেন্দুর প্রশাসনিক মিটিংয়ে দেব, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কী কথা হল?শুভেন্দুর কাছেও ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দরবার দেবের
হাইলাইটস
  • দেবের সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর।
  • ১১টা ৪০ থেকে শুরু করে দুপুর ৩টে পর্যন্ত প্রশাসনিক বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী।
  • এদিন মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়েও বক্তব্য রাখেন দেব।

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির হলেন বিরোধী দলের বিধায়ক, সাংসদরা। মঙ্গলবার এই বৈঠকে হাজির হয়েছিলেন ঘাটালের সাংসদ দেব ওরফে দীপক অধিকারীও। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে একথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দেবের সঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা হয়েছে

বেলা ১১টা ৪০ থেকে শুরু করে দুপুর ৩টে পর্যন্ত প্রশাসনিক বৈঠকের পর বাইরে আসেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি জানান, ঘাটালের সাংসদের সঙ্গে  ঘাটালের মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা হয়েছে তাঁর। সূত্রের খবর, বৈঠকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে শুভেন্দু অধিকারীর সামনে বক্তব্য রাখেন দেব। তিনি মুখ্যমন্ত্রীকে জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান তাঁর প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতে চান। ঘাটালের সাংসদকে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে জানান, 'আমরা ওটা করব। ওটা আমাদেরও প্রতিশ্রুতি ছিল।'

শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বলেন, "সব সাংসদ, বিধায়করাই উন্নয়ন নিয়ে কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে আমার কাজ হল বিকাশ করা, উন্নয়ন করা।" মুখ্যমন্ত্রী বলেন, "নির্বাচনের সময় রাজনীতি করব। সারা বছর উন্নয়ন হবে। ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন। আমরা করব। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে। "

একইসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগের সরকারকে তোপও দাগেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন,  “পশ্চিমবঙ্গ উন্নয়নের দিক থেকে গত কয়েক বছরে অনেক পিছিয়ে গিয়েছে। আমরা সামগ্রিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছি। এতদিন রাজ্যের থানাগুলি কার্যত পার্টি অফিসে পরিণত হয়েছিল। আর পঞ্চায়েত অফিসগুলি হয়ে উঠেছিল কাটমানি কালেকশন সেন্টার। পশ্চিমবঙ্গে এবার থেকে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়।”

প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদেক মুখোমুখি হন দেবও। ঘাটালের সাংসদ বলেন, 'আমি একজন সাংসদ হিসেবে এই বৈঠকে অংশ নিতে এসেছিলাম। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী বাজেটে এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করে দেবে। ঘাটালবাসীর সবচেয়ে দুর্দশা, কষ্টের কারণ হল বন্যা। আমি ঘাটালবাসীকে যে স্বপ্ন দেখিয়েছি, তা পূরণ করা আমার লক্ষ্য।'

Advertisement

পাশাপাশি, এদিন মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়েও বক্তব্য রাখেন দেব। ঘাটালের সাংসদ বলেন, 'দিদি কথা দিয়ে কথা রেখেছে। শেষ বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সরকার বদলে গিয়েছে। আমার কাজ হল এই সরকারের আমলেও ঘাটালবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করা।'

প্রসঙ্গত, এদিন কোলাঘাটের বৈঠকে দেব ছাড়াও বিরোধী দলের বিধায়ক, সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াও। 

 

POST A COMMENT
Advertisement