South Bengal Rain: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বলয় অ্যাক্টিভ, দক্ষিণবঙ্গে আর কত দিন বৃষ্টির সম্ভাবনা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সোমবারেও অ্যাক্টিভ রয়েছে একটি নিম্নচাপ বলয়। এই বলয়টি উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বলয় অ্যাক্টিভ, দক্ষিণবঙ্গে আর কত দিন বৃষ্টির সম্ভাবনা?গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এখনও নিম্নচাপ বলয় অ্যাক্টিভ
হাইলাইটস
  • উত্তরবঙ্গেও বৃষ্টির পাততাড়ি গোটানো শুরু হবে আর কিছুদিনের মধ্যেই।
  • আরও কমপক্ষে ৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলায়।
  • উত্তরবঙ্গে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।

বাংলা থেকে বর্ষা বিদায়ের মুখে। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও বৃষ্টির পাততাড়ি গোটানো শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। তবে তার আগে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এখনও বিদ্যমান রয়েছে একটি কম শক্তিশালী নিম্নচাপ। IMD জানাচ্ছে, গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে, উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপটি বিদ্যমান রয়েছে। যার জেরে আরও কমপক্ষে ৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলায়। 

উত্তরবঙ্গে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। যার জেরে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির এক বা দুটি জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ৫ অক্টোবর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ ছিল। ৪ অক্টোবর সকাল সাড়ে ৬টা থেকে ৫ অক্টোবর সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

আজ-সহ আগামী ২ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বুধবারও।

Advertisement

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সমস্ত জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়, বিদ্যুৎ চমক এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার প্রবল সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement