রানাঘাট জংশন দিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস!মেন লাইনের যাত্রীদের জন্য সুখবর। আরও ভালো করে বললে বড় সুখবর পেতে চলেছেন রানাঘাটের তথা নদিয়ার রেলপ্রেমী মানুষজন। কারণ কল্যাণী-রানাঘাট-কৃষ্ণনগর রুটে থার্ড লাইনের কাজ শেষ হলে এই রুটে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস-সহ অন্যান্য প্রিমিয়াম ট্রেনগুলিও। খোদ রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সেই ইঙ্গিতই দিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতেই রানাঘাট রেলওয়ে জংশনে অত্যাধুনিক নতুন GRP থানা ভবনের উদ্বোধনের অনুষ্ঠানে এসে এমন ইঙ্গিত দিয়েছেন রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক। ওই অনুষ্ঠানে রানাঘাট স্টেশন নিয়ে একাধিক আলোচনা হয়। আগামী দিনে রানাঘাট তথা গোটা নদিয়া জেলার রেল যোগাযোগ ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কিছু পরিকল্পনাও সেই আলোচনা থেকে উঠে আসে বলে জানা গিয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেসের মতন প্রিমিয়াম ট্রেন
রানাঘাট-কল্যাণী এবং রানাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইনের কাজ সম্পন্ন হলেই এই রুট দিয়ে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস-এর মতো সেমি-হাইস্পিড প্রিমিয়াম ট্রেন! মেইন লাইনের বুক চিরে বন্দে ভারত ছুটে চলার এই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে। বিষয়টি সম্পর্কে বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় bangla.aajtak.in -কে বলেন, "আগে তৃতীয় লাইনের কাজ শেষ হোক। তারপর এসব হবে।"
সাইরাং এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের স্টপেজ
এছাড়াও, সাইরাং -সহ নানা দূরপাল্লার ট্রেনের স্টপেজ পেতে পারে রানাঘাট। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম সংযোগকারী সদ্য চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইরাং এক্সপ্রেস-এর স্টপেজ এই মুহূর্তে রানাঘাটে নেই। কিন্তু সম্প্রতি পার্থ সারথী চট্টোপাধ্যায় জানিয়েছেন, রানাঘাট জংশনের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে খুব দ্রুত সাইরাং এক্সপ্রেস সহ আরও একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ আনা হচ্ছে রানাঘাটে!
দৈর্ঘ্যে বাড়বে রানাঘাট স্টেশন
এরসঙ্গে সঙ্গে দূরপাল্লার এবং ২৪ কোচের বড় ট্রেনগুলো যাতে অনায়াসে রানাঘাটে দাঁড়াতে পারে এবং যাত্রীদের ওঠানামায় কোনো অসুবিধা না হয়, তার জন্য রানাঘাট জংশনের প্ল্যাটফর্মগুলোর দৈর্ঘ্য বাড়ানোর শুরু হবে বলেও জানা গিয়েছে।