২৩ জেলায় কেমন থাকবে আবহাওয়া?চলছে চৈত্র মাস, খাতায় কলমে বসন্ত, আর তার মাঝেই আবহাওয়ায় হঠাৎই বড় পরিবর্তন। শীতের আমেজ বঙ্গের আবহে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে মিলছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি । রবিবারও ২০ ডিগ্রির নীচে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এমন আবহাওয়া চলবে নতুন সপ্তাহেও। উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলবে ঝমঝমিয়ে বৃষ্টিও ৷ কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
মনোরম আবহাওয়া গোটা রাজ্যজুড়েই
গত শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি এবং দমকা হাওয়ার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছে। তার ফলে মাঝ বসন্তেও কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় মনোরম আবহাওয়া ও হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে , আবহাওয়ার এইরকম পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই হয়েছে।বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার আছে। সেইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশের ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এককথায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও বীরভূম কিছু এলাকায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার পর্যন্ত এই ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে পূর্ব সিকিমে তুষারধসের সতর্কবার্তা থাকছে। গ্যাংটক ও প্যাকিয়ং জেলার উঁচু অংশে সতর্কতা জারি। নাথুলা, জুলুক, নাথাং ভ্যালি এলাকায় হিমবাহ ধসের সতর্কতা। ১১ হাজার ফুটের উঁচু পাহাড়ে তুষারধসের সতর্কতা জারি সিকিম বিপর্যয় মোকাবিলা দফতরের। তবে বিপদের আশঙ্কা নেই গ্যাংটকে।
কলকাতা নিয়ে পূর্বাভাস
আজ কলকাতা এবং তার আশপাশের এলাকায় আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। মাঝে মধ্যে আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন, কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১১ ডিগ্রি নিচে নেমেছে। আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি নিচে স্বাভাবিক তাপমাত্রার তুলনায়। আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১১.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।