মে মাসের শেষ সপ্তাহে ২৩ জেলার আবহাওয়া আপডেটহাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত কলকাতাবাসীর। দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। তারমধ্যেই বড় আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। মে মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ৭ দিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
হাওয়া অফিস যা বলছে
আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টি চলবে ৷ এখন দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশের জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে ৷ বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাংশের কয়েকটি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া খামখেয়ালি থাকতে পারে। কখনও রোদ, কখনও মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস বলছে, বুধবার, ২৭ মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। তবে তার আগে বজায় থাকবে অস্বস্তিকর গরম। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে গরম বাড়তে পারে। তবে বুধবারের পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর আগে ২৫ এবং ২৬ তারিখ অস্বস্তিকর গরমের সতর্কতা জারি থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। এ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।
কলকাতা নিয়ে পূর্বাভাস
আজ, রবিবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের আকাশে মেঘ জমতে দেখা গিয়েছে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। তবে বেলা বাড়তে সেই মেঘ কেটে যায়। চড়চড় করে রোদ দেখা যায়। সঙ্গে বাড়তে থাকে অস্বস্তি ও ঘাম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকছে। সেজন্যই এমন ঘাম হচ্ছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে।