Low Pressure area: বঙ্গোপসাগরে ফের সুস্পষ্ট নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝিতে কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা

South Bengal Rain: আবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। কবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামতে চলেছে, দেখে নেওয়া যাক।

Advertisement
বঙ্গোপসাগরে ফের সুস্পষ্ট নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝিতে কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা
হাইলাইটস
  • বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ যেন শেষ হতে চাইছে না।
  • একের পর এক নিম্নচাপে জেরবার হতে হচ্ছে রাজ্যকে।
  • দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ।

বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ যেন শেষ হতে চাইছে না। একের পর এক নিম্নচাপে জেরবার হতে হচ্ছে রাজ্যকে। এবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের মধ্যে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে। এমনকি, ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। 

এই নিম্নচাপ এলাকা তৈরি হওয়ায় রাজ্যের আবহাওয়ায় কী প্রভাব রয়েছে? দেখে নিন।

আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। এক্ষেত্রে, দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।

আজ জেলায় আবহাওয়া কেমন থাকবে?

এদিন উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

আগামী বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এছাড়াও, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement