বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ও মন্ত্রী শান্তনু ঠাকুররাজ্য বিজেপি-তে অন্তর্দ্বন্দ্ব নিয়ে রত্না দেবনাথের পরে এ বার ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও। পানিহাটিতে বিজেপি নেত্রী রুমা সাহার স্বামী অরূপ সাহার মৃত্যুতে বিধায়ক রত্না দেবনাথ বলেছেন, 'দেখেশুনে মনে হচ্ছে, বোধহয় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত!' এ বার বনগাঁয় শান্তনু ঠাকুর বললেন, 'যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে, তারাও বিজেপি।'
প্রশাসন ডিভাইড অ্যান্ড রুল নীতিতে চলছে: শান্তনু ঠাকুর
ক্ষমতায় আসার পরে মাত্র কয়েক মাসেই দেদার তোলাবাজির অভিযোগ উঠছে বিজেপি একাধিক নেতার বিরুদ্ধে। খোদ স্বপন দাশগুপ্ত, শমীক ভট্টাচার্যের মতো নেতারাও সরব হয়েছেন তোলাবাজি নিয়ে। তোলাবাজির অভিযোগের সঙ্গেই এ বার জুড়েছে অন্তর্দ্বন্দ্বেরও অভিযোগ। মোদ্দা বিষয়, মাত্র সাড়ে ৬ মাসের সরকারেই তোলাবাজি ও গোষ্ঠীকোন্দলে বিদ্ধ রাজ্য বিজেপি। বনগাঁয় রবিবার বিকেলে নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত মিলন উৎসবের মঞ্চ থেকে দলের একাংশ এবং পুলিশ প্রশাসনকে নিশানা করলেন শান্তনু। স্পষ্ট দাবি করলেন, প্রশাসন ডিভাইড অ্যান্ড রুল নীতিতে চলছে। বস্তুত, প্রশাসনকে নিশানা করা মানে কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই টার্গেট করা। কারণ, তিনিই প্রশাসনিক প্রধান রাজ্যে।
'যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে তারাও বিজেপি'
শান্তনুর ওই মিলনমেলায় গরহাজির ছিলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেই প্রশ্ন করাতে শান্তনুর বললেন, 'কার কথা বলছেন, শুনতে পাচ্ছি না...'। তাঁর কথায়, 'যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে তারাও বিজেপি। এটা বন্ধ করা উচিত। এর জন্য প্রশাসন দায়ী। সম্পূর্ণ ভাবে প্রশাসন দায়ী, কারণ প্রশাসন দেখেও দেখছে না। প্রশাসন এখানে বিভাইড অ্যান্ড রুল করছে। কিছু মানুষের কথা শুনে, কিছু নেতার কথা শুনে। আর এই নেতারা চাইছে বনগাঁর বুকে তাদের রাজত্ব চলবে। এটা যদি বিজেপি-র বিপক্ষে হয়, সেটা আমরা ঘাড় ধরে বন্ধ করে দেব। আমাদের মধ্যে কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের উপর হাতিয়ার চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।'
বিজেপি যদি না জিতত তাহলেই বোধহয় ভাল হত: রত্না দেবনাথ
শান্তনু যখন এই কথা বললেন, সে দিনই বিজেপি-র পানাহিটির বিধায়ক তথা আরজি কর হাসপাতালের সেই নির্যাতিত ডাক্তারের মা রত্না দেবনাথও দলের গোষ্ঠীকোন্দল নিয়ে তীব্র ক্ষোভ দেখালেন। পানিহাটিতে মৃত অরূপ সাহার স্ত্রী, বিজেপি নেত্রী রুমা থেকে বিধায়ক রত্না দু’জনেই বলছেন, ‘নব্য বিজেপি’র জন্য এই অশান্তি। অরূপের মৃত্যুর জন্যও রত্না দায়ী করেছেন ‘তৃণমূল থেকে বিজেপিতে আসা’ কর্মীদের এবং তাঁদের দলে নেওয়ার জন্য বিজেপি নেতৃত্বের একাংশকে দুষেছেন তিনি। মৃত বিজেপি কর্মীর সন্তানদের কাঁদতে দেখে চোখের জল ধর রাখতে পারেননি বিধায়ক। নিজের মেয়ের প্রসঙ্গ টানেন আরজি করের নির্যাতিতার মা। রত্নার কথায়, 'এই ফ্যামিলির জন্য আমিই দায়ী। আমার মনে হচ্ছে, বিজেপি যদি না জিতত তাহলেই বোধহয় ভাল হত...।’’